প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়ে বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেছেন, ‘এদিক-ওদিক না করে গণতন্ত্রের পথে চলুন। তাহলে আপনিই লাভবান হবেন। তত্ত্বাবধায়ক সরকার এলে আবার জেলের ভাত খেতে হবে। কেউ আপনাকে ছাড়বে না।’গতকাল বুধবার গণভবনে নওগাঁ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এসব কথা বলেন। সভায় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।শেখ হাসিনা বলেন, বারবার নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতায় আগামী নির্বাচন হবে। এখন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চলবে। তিনি বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘আপনি তত্ত্বাবধায়ক সরকার চান। কিন্তু ভুলে গেছেন, আপনার দুই ছেলেকে উত্তম-মধ্যম দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে? আপনাকে এবং আমাকে জেলে নেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক এলে যে আপনাকে জেলে নেবে না, তার কী নিশ্চয়তা আছে?’ তিনি বলেন, ‘মাইনাস টু-ওয়ালারা আবার সক্রিয়। একটু বাতাস পেলেই তারা কচ্ছপের মতো গলা বের করে।’শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে বর্তমান সরকার কোনো মামলা দেয়নি। সব মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের। তত্ত্বাবধায়ক এলে যে ভবিষ্যতে আরও মামলা হবে না, তার গ্যারান্টি কোথায়? আবার এলে তারা আটঘাট বেঁধে নামবে।’ তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে আমি আলোচনার আহ্বান জানালাম। উনি আমাকে দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম। এটা দিয়ে কী হলো? যাদের ওপর ভরসা করা হলো, তারা মসজিদে আগুন দিল। কোরআন শরিফ পোড়াল। এটা নিয়েও বিএনপি মিথ্যাচার শুরু করল।’ তিনি বলেন, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটিতে প্রোথিত। এই সংগঠনকে শেষ করা যায় না।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাজী জাফর উল্যাহ, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, মাহবুব উল আলম হানিফ, মৃণাল কান্তি দাস প্রমুখ।