এদিকে সংস্কার ওদিকে ভাঙন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীর তীরবর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধের সংস্কারকাজ চললেও তা শেষ হওয়ার আগেই ভেঙে পড়তে শুরু করেছে। গত দুই দিনের জোয়ারের অস্বাভাবিক চাপে গাজীরখাল ও চৌধুরীপাড়া এলাকায় বাঁধের প্রায় ৩০০ ফুট বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া আরও ঝুঁকির মধ্যে রয়েছে নাওয়াপাড়া গ্রামের দক্ষিণ পাশের অন্তত ২০০ ফুট বাঁধ। বাঁধের কাজ যেভাবে হচ্ছে, তার মান নিয়েও এলাকার জনগণের রয়েছে চরম ক্ষোভ।গাজীরখাল এলাকার বাঁধঘেঁষা দোকানি রিপন হাওলাদার বলেন, ‘ভাঙনের যে অবস্থা, এই মুহূর্তে মালামাল সরাইয়া নেওয়া ছাড়া মোগো আর কোনো উপায় নাই। নাইলে এই সম্বলডাও শ্যাষ অইয়া যাইবে।’ গত মঙ্গলবার বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের ৪৭/৫ বন্যানিয়ন্ত্রণ বাঁধের চাড়িপাড়া থেকে নাওয়াপাড়া, মুন্সিপাড়া, গাজীরখাল, চৌধুরীপাড়া, বুড়োজালিয়া, চান্দুপাড়া ও চরচান্দুপাড়া পর্যন্ত জরুরি মেরামতকাজ চলছে। কোনো কোনো স্থানে বাঁধের দুই পাশে প্রয়োজনীয় পরিমাণ, আবার কোথাও নামমাত্র মাটি ফেলা হয়েছে। কোথাও বাঁধের ভেতরের পাশ থেকে (কান্ট্রি সাইড) ঢাল কেটে নদীর পাশে (রিভার সাইড) দেওয়া হয়েছে। পুরোনো বাঁধের ওপর মাটি ফেলে উচ্চতা ঠিক করা হলেও একেবারে নতুন করে মাটি ফেলে যেখানে বাঁধ করা হচ্ছে, তার উচ্চতা সঠিকভাবে করা হয়নি। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে গাজীরখালের স্লুইসগেটের দক্ষিণ পাশ থেকে নাওয়াপাড়া ক্লোজার (আড়াআড়ি ছোট বাঁধ) পর্যন্ত এলাকা। এখানে ইতিমধ্যে প্রায় ৩০০ ফুট দীর্ঘ মূল বাঁধের চার ভাগের তিন ভাগ ভেঙে গেছে। দু-এক দিন পানির চাপ আরও বাড়লে বাকি অংশটুকু বিলীন হয়ে প্লাবিত হতে পারে পাশের এলাকা। এ ছাড়া নাওয়াপাড়া গ্রামের শেষ প্রান্তের দক্ষিণ পাশের অন্তত ২০০ ফুট বাঁধ ভেঙে যাওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে।কুড়িকানি গ্রামের মনির হাওলাদার বলেন, ‘মোগো এইডা এ্যাহন আর কোনো জীবন বাঁচানোর বান না, মরণের ফান্দ। সিডর-আইলার পর হইতেই দেখতাছি এইহানে খালি মাডির কাম করতাছে। কই, কামের কাম কি অইতেছে?’ কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বন্যানিয়ন্ত্রণ বাঁধের মেরামতকাজ করছে ঢাকার পারিসা ট্রেড সিস্টেম লিমিটেড ও বরগুনার আল-মামুন এন্টারপ্রাইজ। ২০১১ সালের ৭ নভেম্বর বাঁধের কাজের কার্যাদেশ দেওয়া হয়। গত ২৫ মে কাজ শেষ করার কথা ছিল। দরপত্র অনুযায়ী বাঁধের উচ্চতা হবে গড়ে ১২ ফুট, নদীর পাশে ঢাল হবে ৬০ ফুট আর অন্য পাশে ঢাল হবে ২৪ ফুট। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. শাহদাৎ হোসেন বলেন, ‘সাগর মোহনার ওই বাঁধের কাজ নিয়ে আমি দুশ্চিন্তার মধ্যে আছি। আমি আগে বুঝতে পারলে এই কাজটি করতাম না। কারণ, একদিকে কাজ করি আরেক দিকে তা ভেঙে যায়। কাজ ধরার পর থেকেই আমি এমন পরিস্থিতি মোকাবিলা করছি। এর মধ্যে মান বজায় রেখে কাজটি করার জন্য আমি চেষ্টা করেছি।’কলাপাড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম আবুল বাশার বলেন, ‘রামনাবাদ নদীর পাড়ের ওই বাঁধটি নিয়ে আমরা সব সময়ই শঙ্কার মধ্যে থাকি। এর মধ্যে হঠাৎ করে সাগরে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের দু-তিনটি স্থান বিধ্বস্ত হয়েছে। বারবার যাতে বাঁধ ঝুঁকির মধ্যে না পড়ে, তার জন্য পুরো বাঁধের নদীর পাশে ব্লক ফেলে ঢাল সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বাঁধের নকশায় কিছুটা পরিবর্তন হওয়ায় কাজ শেষ হবে ২০১৩ সালের ৩০ জুন মাসে। নতুন করে এর ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। এ জন্য দরপত্র আহ্বান করা হবে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গাজীরখাল-চৌধুরীপাড়া এলাকা জরুরিভাবে মেরামত করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।’