এনআইএ-কে সহায়তা করতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তে বাংলাদেশ আসা ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে সহায়তা করতে কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি তাদের (এনআইএ) সঙ্গে তথ্য আদান-প্রদান করবে।

বর্ধমানের খাগড়াগড়ের ওই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী জড়িত কি না, তা জানতে আজ সোমবার এনআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল দুই দিনের সফরে ঢাকা এসেছে।

প্রতিনিধিদলটি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, ভারতের এই ঘটনায় তাঁরা (এনআইএ) মনে করেন দুষ্কৃতকারীরা ভারতের লোকও হতে পারে আবার বাংলাদেশেরও হতে পারে। এ বিষয়ে তাঁরা সহযোগিতা চেয়েছেন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

গত ২ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে এক ব্যক্তি আহত হন। তাঁরা জেএমবির সদস্য বলে প্রাথমিক তদন্তে এনআইএ জানতে পেরেছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাজিদ নারায়ণগঞ্জের ফরাজীকান্দার বাসিন্দা বলে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায় ইসলামি রাষ্ট্র গড়ার ছক এঁকেছিল জেএমবি। বিস্ফোরণে জড়িত ১২ জনের চারজন বাংলাদেশের।