এনআইএর প্রতিবেদনে বাংলাদেশে জেএমবির তৎপরতার উল্লেখ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লক্ষ্য করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের কথিত পরিকল্পনার কোনো উল্লেখ নেই ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তের প্রাথমিক প্রতিবেদনে এ বিষয়ে কিছু উল্লেখ করেনি এনআইএ।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বর্ধমান বিস্ফোরণ ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে এনআইএ। এতে বলা হয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তিনটি জেলা নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র গড়ার পরিকল্পনা ছিল জেএমবির। জেলা তিনটি হলো মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া।
১২ জনের ৪ জন ‘বাংলাদেশি’
আনন্দবাজার পত্রিকা গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, বর্ধমানের ঘটনায় সন্দেহভাজন ১২ জঙ্গির বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে এনআইএ। এর মধ্যে পাঁচজনের জন্য ১০ লাখ, তিনজনের জন্য পাঁচ লাখ এবং বাকি চারজনের জন্য তিন লাখ রুপি করে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ওই ১২ জনের মধ্যে চারজন ‘বাংলাদেশি’ বলে জানিয়েছে পত্রিকাটি। এঁরা হলেন সাজিদ, নাসিরুল্লা, তালহা ও কাওসার। তবে তাঁরা আদৌ বাংলাদেশি কি না, তা নিয়ে তদন্তকারীদের মধ্যে সংশয় আছে।