এনআইডি ছাড়া সিম নিবন্ধন পূর্ণ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অন্য কোনো পরিচয়পত্র দিয়ে মুঠোফোন সিম নিবন্ধন করা হলে সেটির নিবন্ধন ছয় মাসের বেশি স্থায়ী হবে না।
ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম সনদের মতো পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা গেলেও সেটির মেয়াদ থাকবে ছয় মাস। এই সময়ের মধ্যে এনআইডি দিয়ে নিবন্ধন না করলে চালু থাকা ওই সিমটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে নতুন মুঠোফোন সংযোগ কেনার ক্ষেত্রে এনআইডিই ব্যবহার করতে হবে। আগে কেনা সিমের নিবন্ধনের ক্ষেত্রেও দরকার হবে এনআইডি।
সিম নিবন্ধনে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির কার্যালয়ে গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা ও মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস (এসএস) বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারি বলেন, ‘যুক্তিসংগত কারণে যাঁদের এখনো এনআইডি নেই বা নিতে পারেননি, তাঁরাই অন্য বৈধ পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে পারবেন। মেয়াদ থাকবে ছয় মাস।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিবন্ধনের সময় একজন ব্যবহারকারী সঠিক তথ্য দিচ্ছেন কি না, সেটি যাচাই করার একমাত্র উপায় নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি তথ্যভান্ডার। এনআইডি ছাড়া অন্য বৈধ পরিচয়পত্রের তথ্যভান্ডার সরকারের কাছে নেই।
তারানা হালিম বলেন, নতুন সিম নিবন্ধনের পাশাপাশি যাঁদের সিম ত্রুটিপূর্ণভাবে নিবন্ধিত, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার।
মুঠোফোন নিবন্ধন: আগামী বছরের ফেব্রুয়ারি থেকে গ্রাহকের কাছে থাকা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তারানা হালিম। তবে কী প্রক্রিয়ায় মুঠোফোন নিবন্ধন করতে হবে তা জানাননি প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, ‘হ্যান্ডসেট নিবন্ধনে আগামী ফেব্রুয়ারিতে বিটিআরসি নির্দেশনা দেবে। এটা হলে একজন নাগরিকের ডিজিটাল পরিচয় সম্পূর্ণ হবে। এক বা একাধিক সিম ও মোবাইল ফোন ব্যবহার করলে তা ওই ব্যবহারকারীর নামে হতে হবে।’
প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ পদ্ধতি শুরু হলে ব্যবহারকারীদের মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর নিবন্ধন করতে হবে। এর আগে মুঠোফোনের সঠিক নিবন্ধনে ২০১২ সালে মোবাইল অপারেটরদের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর) যন্ত্র বসানোর নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু ওই নির্দেশনা বাস্তবায়িত হয়নি।
আইএমইআই নম্বর হলো ১৫ অঙ্কের একটি স্বতন্ত্র সংখ্যা, যা একটি বৈধ মুঠোফোনে থাকে। যেকোনো মুঠোফোন থেকে *#০৬# ডায়াল করলে ওই ফোনের বিশেষ এই শনাক্তকরণ নম্বর পর্দায় ভেসে ওঠে, যা নকল হ্যান্ডসেটে থাকে না।
এনইআইআর ব্যবস্থায় ভুয়া আইএমইআইযুক্ত মুঠোফোন দিয়ে সিম ব্যবহার করলে তা বন্ধ করে দেওয়া যায়। এ ছাড়া কোনো হ্যান্ডসেট চুরি হলে তা সহজেই শনাক্ত করা যায়।