এনআইডি ছাড়া নিবন্ধিত সিমের মেয়াদ ছয় মাস
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অন্য বৈধ পরিচয়পত্র দিয়ে মুঠোফোন সিম নিবন্ধন করা হলে সেটির মেয়াদ থাকবে সর্বোচ্চ ছয় মাস। এ সময়ের মধ্যে এনআইডি দিয়ে নিবন্ধন না করলে চালু থাকা ওই সিমটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, এখন থেকে নতুন মুঠোফোন সংযোগ কেনার ক্ষেত্রে এনআইডিই ব্যবহার করতে হবে।
সিম নিবন্ধনে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির কার্যালয়ে আজ বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস (এসএস) বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারি বলেন, ‘যুক্তিসংগত কারণে যাদের এখনো এনআইডি নেই বা নিতে পারেননি, তারাই অন্য বৈধ পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে পারবেন। এমনভাবে নিবন্ধিত সিমের মেয়াদ ছয় মাস থাকবে।’
এনআইডি ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো ছবিযুক্ত পরিচয়পত্র দিয়ে সিম কেনা যায়। এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করতে হলে এনআইডির কোনো বিকল্প নেই। নিবন্ধনের সময় একজন ব্যবহারকারী সঠিক তথ্য দিচ্ছেন কি না, সেটি যাচাই করার একমাত্র উপায় নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি তথ্যভান্ডার। এনআইডি ছাড়া অন্য বৈধ পরিচয়পত্রের তথ্যভান্ডার সরকারের কাছে নেই।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সিম নিবন্ধন পদ্ধতির শুরুতে কিছুটা ত্রুটি ছিল, সেটি শুধরে নিয়ে আজ থেকে এর যাত্রা শুরু হলো। এর মাধ্যমে নতুন সিম নিবন্ধনের পাশাপাশি যাদের নিবন্ধিত সিম ত্রুটিপূর্ণ তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার।