এনআরবি জবস-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হলো চাকরির নতুন ওয়েব পোর্টাল এনআরবি জবস ডট কম (www.nrbjobs.com)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে চাকরির এই পোর্টালটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জব পোর্টালটির নানা দিক তুলে ধরেন এনআরবি জবসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম ই চৌধুরী শামীম। তিনি বলেন, এটি চাকরির বাংলাদেশি গ্লোবাল পোর্টাল। এখানে দেশে এবং বিদেশে চাকরিপ্রত্যাশীরা যেমন চাকরির খোঁজ পাবেন ও চাকরিদাতারাও যোগ্য কর্মী খুঁজে পেতে বিজ্ঞাপন দিতে পারবেন। তিনি বলেন, বিশ্বের নানা দেশে বাংলাদেশিরা বড় বড় প্রতিষ্ঠানের মালিক। তাঁরা সে দেশে তাঁদের প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইলে এখানে বিজ্ঞাপন দিতে পারবেন। তেমনি বিদেশে চাকরিপ্রত্যাশী বাংলাদেশিরাও এখানে সেসব চাকরির খোঁজ পাবেন। এই পোর্টালে দেশে অঞ্চলভিত্তিক চাকরির খোঁজও
পাওয়া যাবে।
এনআরবি জবসের ওয়েবসাইটে ফ্রেশ গ্র্যাজুয়েট ও ইন্টার্নরা নানা ধরনের সুযোগ–সুবিধাসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের খবর জানতে পারবেন বলে জানান এম ই চৌধুরী।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, দেশে মেধাবী তরুণদের কাজের সুযোগ বাড়ছে। গত আট বছরে দেশে দেড় কোটি তরুণের কাজের সুযোগ হয়েছে। এনআরবি জবস দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দীন আহমেদ, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াহিদ শরিফ বক্তব্য দেন।