এনআরবি ব্যাংকের ৩ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি করে এনআরবি ব্যাংকের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থার উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরস্পর যোগসাজশে জাল দলিল ও দায়মুক্ত সনদ তৈরির পর সেগুলোকে আসল হিসেবে ব্যবহার করে, ভুয়া ব্যক্তির মাধ্যমে মর্টগেজ দলিল তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাহাত শামস ও সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান, রাজধানীর কামরাঙ্গীরচরের হৃদয় কনফেকশনারির মালিক শাহিন লতিফ এবং জিওলোজাইজ সার্ভে করপোরেশনের মালিক ও প্রধান সার্ভেয়ার মো. মিজানুর রহমানকে।