এনআরবিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ২৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ২৩ এপ্রিল এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ফরাছত আলী সভায় সভাপতিত্ব করবেন। আইন অনুসারে সভার কার্যক্রম পর্যবেক্ষন ও নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মাসুদ বিশ্বাস সভায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এ এফ এম আবদুর রহমানের অবকাশকালীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরিচালক হিসেবে নাম বাদ পড়ার বিরুদ্ধে ও সভা পরিচালনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ ব্যক্তির অধীনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠোনে নির্দেশনা চেয়ে করা এক আবেদেনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

আইনজীবী সূত্র বলেছে, এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ গত ৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য পরিচালকদের চিঠি দেয়। তবে ব্যাংকের পরিচালক এস এম তমাল পারভেজ, রফিকুল ইসলাম আরজু ও মো. আদনান ইমাম এবং স্পন্সর শেয়ার হোল্ডার ও সাবেক পরিচালক তুষার ইকবালকে আইন অনুসারে ওই বার্ষিক সাধারন সভার চিঠি দেওয়া হয়নি। এ ছাড়া ডাইরেক্টরস রিপোর্ট হতে তিন পরিচালকের নামও বাদ দেওয়া হয়। তিন পরিচালকের পদ শূণ্য হয়েছে বলে ডাইরেক্টরস রিপোর্টে উল্লেখ করা হয়—এসব প্রশ্ন তুলে ওই নির্দেশনা চেয়ে চারজন ১০ এপ্রিল আবেদনটি করেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল এস এম মনিরুজ্জামান।

আদেশের পর মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ডাইরেক্টরস রিপোর্টের যেসব স্থানে তিন পরিচালকের নাম বাদ দেওয়া হয়েছে, তা পুনস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। তিন পরিচালকের যোগ্যতার বিষয়ে করা মন্তব্য মুছে ফলতে ব্যাংক কতৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বার্ষিক সভার এজন্ডা অনুসারে যদি নির্বাচনের বিষয় আসলে, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে এজিএম করতে ও নির্ধারিত এজেন্ডার বাইরে অন্য সিন্ধান্ত না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো এজিএমের কার্যবিবরনী ভিডিও ধারণ করতে ব্যাংককের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের আইনজীবী জানান, ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে ঋণ অনুমোদন ও বিতরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান। তাই ব্যাংক ও ব্যাংকের আমানতকারীদের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে একজন নিরপেক্ষ ব্যক্তির সভাপতিত্বে এজিএম পরিচালনা চেয়ে আবেদনটি করা হয়।