এনএমএন ফাউন্ডেশনের এক পরিচালক গ্রেপ্তার
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এনএমএন ফাউন্ডেশনের পরিচালক অহিদুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। আমানতকারীদের দায়ের করা প্রতারণার মামলায় শনিবার রাতে রংপুরের তারাগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আমানতকারীদের অভিযোগ ও এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার বড় মগবাজারে এনএমএন ফাউন্ডেশন প্রধান কার্যালয় খুলে ঢাকার পাশাপাশি তারাগঞ্জ উপজেলায়ও সংস্থাটি কার্যক্রম চালায়। তারাগঞ্জে সংস্থাটির কার্যক্রম চালাতেন উপজেলার অনন্তপুর গ্রামের আবু হানিফ। এক লাখ টাকা আমানত রাখলে মাসে চার হাজার টাকা মুনাফা দেওয়ার ঘোষণায় আকৃষ্ট হয়ে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শুধু ঢাকার একটি গার্মেন্টেসের ১৭০ জন কর্মচারী ৮৬ লাখ টাকা আমানত রাখেন। সংস্থাটির নির্বাহী পরিচালক আবু হানিফ গত ২১ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুর আগে তিনি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে তাঁর স্ত্রী তানজিলা বেগম, ভাই অহিদুল ইসলামকে পরিচালক ও ভাতিজা তুহিনকে ব্যবস্থাপকের দায়িত্ব দিয়ে যান। গত ৩ মার্চ গার্মেন্টসের কর্মী আবু বাক্কারসহ রমনা থানা এলাকার অন্য আমানতকারীরা ঢাকা কার্যালয়ে মুনাফা নিতে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখেন। এ ঘটনায় আবু বাক্কারসহ আরও দুজন আমানতকারী রমনা মডেল থানায় অহিদুল ইসলাম, তানজিলা বেগম ও তুহিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় রমনা থানা এলাকার শতাধিক আমানতকারী ১১ মে ঢাকা থেকে তারাগঞ্জে আসেন। তাঁরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং তারাগঞ্জ থানা ঘেরাও করেন। জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার প্রথম আলোকে বলেন, ‘সংস্থাটির পরিচালক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে। আমানতকারীরা ওই মামলার অনুলিপি আমাদের দিয়েছেন। রমনা থানা থেকেও আসামিদের গ্রেপ্তারের জন্য বলা হয়েছে।