নৃ-গোষ্ঠীর সঙ্গে শান্তি স্থাপন ও সেনাবাহিনীর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখা
এনএলডি সরকারের সামনে দুই চ্যালেঞ্জ
মিয়ানমারে সব মিলে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে ১৩৫টি। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতালাভের পর থেকে নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের শুরু। তাদের অভিযোগ, সাত দশক ধরে তাদের অধিকারের প্রশ্নে সরকার শুধু রাজনীতি করেছে। তাই বিশ্লেষকদের মতে, দেশটির নবনির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ নৃ-গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি স্থাপন।
এ ছাড়া গত পাঁচ দশক ক্ষমতায় থাকা সেনাবাহিনীর সঙ্গে সরকার পরিচালনার ক্ষেত্রে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখারও কোনো বিকল্প নেই সরকারের সামনে। কারণ, সংবিধান অনুযায়ী পার্লামেন্টে সেনাবাহিনীর জন্য ২৫ শতাংশ আসন বরাদ্দের পাশাপাশি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয়ও তাদেরই হাতে।
গবেষণা সংস্থা মিয়ানমার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (মিয়ানমার-আইএসআইএস) পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিওন্ত মং শেইন বলেন, ‘দীর্ঘদিনের সামরিক শাসন, বঞ্চনা সব মিলিয়ে অং সান সু চির দল এনএলডির কাছে প্রত্যাশাটাও আকাশছোঁয়া। তবে আমি মনে করি, ১৩৫টি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সঙ্গে সংহতি প্রতিষ্ঠা অভ্যন্তরীণ প্রেক্ষাপটে প্রথম ও প্রধান অগ্রাধিকার। কারণ, সাংস্কৃতিক বৈচিত্র্যময়তায় ভরপুর এসব লোকের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা টেকসই না হলে উন্নয়ন কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় থাকবে।’ তিনি বলেন, মিয়ানমারের আটটি জাতীয় জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে বামার, শিন, কাছিন, কায়িন, কায়া, মন, রাখাইন ও শান। আর এদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি মিলিয়ে ১৩৫টি নৃ-গোষ্ঠী আছে।
গতকাল মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপের সময় সাবেক কূটনীতিক নিওন্ত মং শেইন বলেন, দেশে দীর্ঘদিন গণতন্ত্রের অনুপস্থিতিতে সম্পদের সুষম বণ্টন হয়নি। তাই দারিদ্র্য বিমোচনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে। সেনাবাহিনীর সঙ্গে নতুন সরকারের সম্পর্ক কেমন চলছে—এ প্রশ্নে তিনি বলেন, ‘এ মুহূর্তে দুই পক্ষের সম্পর্ক ভালোই মনে হচ্ছে। তবে দীর্ঘ মেয়াদে সরকার পরিচালনায় সেনাবাহিনীর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রেখেই এনএলডিকে কাজ করতে হবে।’
গত সোমবার দুপুরে এনএলডির কার্যালয়ে আলাপকালে দলটির সাবেক সভাপতি ও পৃষ্ঠপোষক তিন ও বলেন, নৃ-গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে দ্বিতীয় প্যাংলং সম্মেলন আয়োজনের জন্য লোকজন সু চিকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সু চি তাঁদের আশ্বস্ত করেছেন, এনএলডি সরকার সংখ্যাগরিষ্ঠ নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সঙ্গে সংহতি প্রতিষ্ঠা করবে। সরকার সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবে। তিনি বলেন, ‘সু চি কিংবা তাঁর দল এনএলডির একার পক্ষে সব জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি ও সংহতি টেকসই করা সম্ভব নয়। সব জনগোষ্ঠীকে দ্বিতীয় প্যাংলং সম্মেলন আয়োজন করে টেকসই শান্তির জন্য কাজ করতে হবে। সুখকর বিষয় হচ্ছে, সবাই পরিবর্তন আর শান্তি চাইছেন। এটা মনে রাখতে হবে, লক্ষ্যে অটুট থেকে শান্তিকে টেকসই করতে সবাইকে কাজ করতে হবে। নৃ-গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তিচুক্তি করে শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের পাশাপাশি সরকার অর্থনীতিকে চাঙ্গা করা, প্রাতিষ্ঠানিক সংস্কারকেও বিশেষ গুরুত্ব দেবে।’
প্যাংলং সম্মেলনে রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে আলোচনা হবে কি না, জানতে চাইলে তিন ও বলেন, সেখানকার মুসলমানদের নিয়েও সম্মেলনে আলোচনা হবে।
এনএলডির ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নিয়ান উইন বলেন, সু চি জুন মাসেই দ্বিতীয় প্যাংলং সম্মেলন আয়োজন করতে চান। বিষয়টি তাঁর অগ্রাধিকার হলেও সরকার আরও কয়েকটি বিষয় নিয়েও কাজ করছে। এমন অবস্থায় ১৩৫টি নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জুনে সম্মেলন করা যাবে কি না, তা নিশ্চিত নয়।
মিয়ানমারের জনক ও সু চির বাবা অং সান ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে শান, কাছিন ও শিনের নেতাদের নিয়ে পূর্বাঞ্চলীয় শান রাজ্যে প্রথম প্যাংলং সম্মেলনের আয়োজন করেছিলেন। ওই সম্মেলনে সীমান্তবর্তী রাজ্যগুলোকে স্বায়ত্তশাসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি। দেশের সীমান্তবর্তী এলাকার ৫৭ শতাংশ এলাকায় এসব লোকের বাস।
ভবিষ্যতে সরকার পরিচালনায় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্কটা এনএলডি সরকারের জন্য কতটা গুরুত্বপূর্ণ—এ প্রশ্নে সাবেক সেনাপ্রধান তিন ও বলেন, ‘অবশ্যই সেনাবাহিনীর সঙ্গে সরকারের ভারসাম্যমূলক সুসম্পর্ক রাখা উচিত। গণতান্ত্রিক সরকার-ব্যবস্থায় দুই পক্ষের সুসম্পর্কের গুরুত্বের বিষয়টি আমরা তাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। তবে এখন যাঁরা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে আছেন, তাঁদের দৃষ্টিভঙ্গি পূর্বসূরিদের মতো নয়। এখনকার জেনারেলরা কিছুটা মধ্যপন্থী এবং জনগণের চাওয়া-পাওয়ার গুরুত্বটা বোঝার চেষ্টা করছেন।’
গতকাল আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইডের এ দেশীয় পরিচালক শিহাব উদ্দীন আহমেদও বলেন, মিয়ানমারের নৃ-গোষ্ঠীগুলোর সঙ্গে টেকসই শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে এনএলডি সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। মিয়ানমারে গত এক দশকে উন্নয়ন কর্মকাণ্ডে কাজের অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক ক্ষেত্রগুলোতে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এ জন্য দেশীয় সম্পদের পাশাপাশি বিদেশি সহায়তা অপরিহার্য।