এনএসআই জড়িত ছিল: রেজাউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল (অব.) এ কে এম রেজাউর রহমান সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যে তিনি বলেছেন, অস্ত্র আটকের পর ঘটনাস্থল পরিদর্শন করার সময় তাঁর মনে হয়েছিল এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কতিপয় সদস্য জড়িত থাকতে পারেন। এই অনুমানের কথা তিনি সে সময় ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসানকে জানিয়েছিলেন। গতকাল বুধবার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান তাঁর সাক্ষ্য নেন। সাক্ষ্য শেষে মামলার আসামি ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক (সিআইবি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী কামরুল ইসলাম তাঁকে জেরা করেন। জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। আগামী ৭ মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সাক্ষ্যে রেজাউর রহমান বলেন, ‘প্রথম আলোসহ কয়েকটি জাতীয় পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি যে, রেজ্জাকুল হায়দারের প্রভাব বা সম্পৃক্ততার কারণে এনএসআইয়ের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত প্রতিবেদনে সেভাবে আসেনি।’ ২০০৪ সালের ২ এপ্রিল সিইউএফএলের জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সে সময়ের সরকার। ওই তদন্ত কমিটিতে ডিজিএফআইয়ের প্রতিনিধি ছিলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী। সাক্ষ্যে রেজাউর বলেন, ‘ঘটনার দু-তিন দিন পর ঢাকা থেকে জাতীয় পর্যায়ের তদন্ত কমিটি চট্টগ্রামে আসে। তদন্ত দলের সদস্য ছিলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী। ঘটনার বিষয়ে ডিজিএফআইয়ের পক্ষ থেকে আর কিছু করার আছে কি না জানতে চাই। জবাবে তিনি বলেন, “ডোন্ট ওরি। ডিজিএফআইয়ের পক্ষ থেকে আর কিছু করণীয় নেই।”