এনএসআই সদস্য নিহত মিনিবাসের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার সকালে মিনিবাসের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য এম এ সাত্তার (৫২) নিহত হয়েছেন। এ ছাড়া মোহাম্মদপুরে ইট-বালু-সিমেন্ট মেশানোর গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আবদুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তি।
শাহবাগ থানার পুলিশ জানায়, নিহত সাত্তার এনএসআইয়ের জুনিয়র মাঠ কর্মকর্তা ছিলেন। তিনি গুলশান কার্যালয়ে নগর বহিঃ অপারেশন শাখায় কাজ করতেন। সেগুনবাগিচায় এনএসআইয়ের নির্ধারিত ব্যারাকে তিনি থাকতেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি গুলশানে কর্মস্থলে যাওয়ার জন্য ব্যারাক থেকে বের হন। জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পার হওয়ার সময় গাবতলীগামী যাত্রীবাহী একটি মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাত্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই মিনিবাস ও এর চালক মামুনকে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাত্তারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর সড়কে কংক্রিট মেশানোর গাড়ির ধাক্কায় মারা যান আবদুর রশিদ। নবীনগর হাউজিংয়ের ৯ নম্বর সড়কের এক বাসায় থাকতেন তিনি। একসময় রংমিস্ত্রি ছিলেন। পরে তেমন কিছু করতেন না। গতকাল সকালে তিনি স্ত্রীকে নিয়ে শাহবাগের বারডেম হাসপাতালে রক্ত পরীক্ষা করাতে যান। সেখান থেকে ফেরার সময় নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর সড়কে ইট-বালু-সিমেন্ট মেশানোর গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আবদুল রশিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আবদুর রশিদের স্ত্রী খায়রুন্নেছা সাংবাদিকদের এসব তথ্য জানান। রশিদের গ্রামের বাড়ি ভোলায়।
মোহাম্মদপুর থানার এসআই মাহফুজার রহমান বলেন, হাসপাতালে নিহত রশিদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে।