২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক ইউসুফ হোসেনকে আসামিপক্ষের জেরা শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী ইউসুফ হোসেনকে জেরা করেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) আবদুর রহিমের আইনজীবী। এর আগের দিন আদালতে দেওয়া সাক্ষ্যে ইউসুফ হোসেন বলেছিলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন সিএমএইচে ডিজি আবদুর রহিমের কামরার সামনে তিনি দায়িত্ব পালন করেন। ওই দিন বিকেলে আবদুর রহিমকে হাসপাতালের বারান্দায় বিচলিত অবস্থায় পায়চারি করতে দেখেন। তখন একপর্যায়ে তিনি ইউসুফের ওয়্যারলেস ঠিক আছে কি না, জানতে চান। ইউসুফ বলেন, ‘হঠাৎ ওয়্যারলেসে শুনতে পাই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়েছে এবং অনেক লোক মারা গেছেন। বিষয়টি ডিজিকে জানানোর পর, তিনি কে কে মারা গেছেন জানতে চান। আমি বলি, আইভি রহমান ও শেখ সেলিমসহ অনেকে মারা গেছেন। তখন ডিজি জানতে চান আর কোনো নেতা মারা গেছেন কি না।’ এ সাক্ষ্যের রেশ ধরে গতকালের জেরায় আইনজীবী মোহাম্মদ আহসান প্রশ্ন করেন: এনএসআইয়ের প্রতিটি বিভাগের ওয়্যারলেসের জন্য পৃথক তরঙ্গ ব্যবহার করা হয়। এটা জানেন কি?ইউসুফ: তা জানা নেই।আইনজীবী: ডিজি আবদুর রহিমের নিজস্ব ওয়্যারলেস সেট রয়েছে। সেই সেট তিনি ব্যবহার করতেন। উত্তরে বলেন, সঠিক নয়। আইনজীবী: কল সাইন ছাড়া যে ওয়্যারলেস সেট ব্যবহার করা যায় না, তা জানেন? ইউসুফ: হ্যাঁ। আইনজীবী: আপনার কল সাইন স্মরণ আছে?ইউসুফ: স্মরণ নেই।আইনজীবী: ডিজি আবদুর রহিম কত দিন সিএমএইচে ভর্তি ছিলেন? ইউসুফ: ২০০৪ সালের ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত।আইনজীবী: আপনাদের দায়িত্বের বিষয়টি কে নির্ধারণ করে দিতেন? ইউসুফ: ডিজি স্যারের একান্ত সচিবের মৌখিক নির্দেশে নিজেরাই তা করতাম। আইনজীবী: ২০০৪ সালের ১৪ আগস্ট আবদুর রহিমের ফিস্টুলা অপারেশন হয়, তা জানতেন? ইউসুফ: জানা নেই।আইনজীবী: ২১ আগস্ট গ্রেনেড হামলার পর দুই সাংবাদিক সিএমএইচে আবদুর রহিমের কক্ষে যান বলে আপনি বলেছেন। তাঁদের চেনেন কি? ইউসুফ: না।আইনজীবী: মেজর শাহ আলম যে আপনাকে ফোন করেছেন, তা তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন, না অফিসের ফোন থেকে করেছেন? ফোন নম্বর বলতে পারেন?ইউসুফ: ব্যক্তিগত মোবাইল থেকে ফোন করেছেন, নম্বর জানি না।এনএসআইয়ের সাবেক এই ডিজির পক্ষে জেরা শেষ না হওয়ায় বাকি জেরার জন্য আগামী ২১ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন বিচারক শাহেদ নুর উদ্দিন। এ ছাড়া, গতকাল পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বখস চৌধুরী ও জঙ্গিনেতা মুফতি হান্নানের পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানান তাঁদের আইনজীবীরা।