হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) এক অধ্যাপকসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কাউন্টার টেররিজম বিভাগের পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবীর আট দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তিনজনকে আদালতে হাজির করেন। মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন।
আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেজ অনুষদের ডিন অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগনে আলম চৌধুরী ও ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান। অপর এক আসামি শেওড়াপাড়ার বাড়ির মালিক নুরুল ইসলাম অসুস্থ হওয়ায় তাঁকে আগেই কারাগারে পাঠানো হয়।
জঙ্গিদের বাড়িভাড়া দেওয়ার কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট গত ১৬ জুলাই অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান এবং ওই অধ্যাপকের ভাগনে আলম চৌধুরীকে আটক করে।