‘ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে অনিয়ম, চুক্তি বাতিল হচ্ছে’ শিরোনামে গত ২৮ মে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের কয়েকটি তথ্যের ব্যাখ্যা দিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নর্থ সাউথ প্রপাটি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) চেয়ারম্যান আবদুর রহিম। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ভূমি মন্ত্রণালয় এনএসপিডিএলের বিরুদ্ধে কোনো তদন্ত করার এখতিয়ার রাখে না এবং তাদের সঙ্গে করা চুক্তি বাতিল করারও অবকাশ নেই। কোনো বিরোধ হলে সালিস বোর্ডের মাধ্যমে তা আলোচনা করে সমাধান করার কথা।ব্যাখ্যায় আরও বলা হয়, এ প্রকল্পের শুরু থেকে ভূমি মন্ত্রণালয় তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে নিজেরাই নানা অনিয়ম ও দুর্নীতি করে এনএসপিডিএলের সুনাম নষ্ট করছে ও ব্যবসায়িক ক্ষতি করে আসছে।ব্যাখ্যায় ফ্ল্যাটের বাড়তি মূল্য নেওয়ার বিষয়ে বলা হয়, চুক্তিপত্রের তিন ধারা অনুযায়ী দ্রব্যমূল্য বাড়ার কারণে ফ্ল্যাটের মূল্য বাড়ানো যাবে এবং এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের কোনো আপত্তি থাকবে না। কাজেই ফ্ল্যাটের মূল্য বেশি নেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন ও বেআইনি। এ ছাড়া ২০০৪ সালে সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ফ্ল্যাটের মূল্য তিন লাখ ৫৫ হাজার টাকার পরিবর্তে তিন লাখ ৯০ হাজার টাকা করা হয়। চুক্তির কোথাও ব্যাংকের মাধ্যমে ছাড়া সরাসরি এনএসপিডিএল লেনদেন করতে পারবে না, তা উল্লেখ নেই।অযোগ্য ব্যক্তিদের ফ্ল্যাট দেওয়া হয়েছে—ভূমি মন্ত্রণালয়ের এমন অভিযোগের ব্যাখ্যায় বলা হয়, এনএসপিডিএল যোগ্য ও অযোগ্য ব্যক্তিদের তালিকা করে ভূমি মন্ত্রণালয়ে যথাসময়ে পাঠিয়েছে। ভূমি মন্ত্রণালয় তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রথম পর্যায়ে ৬২৭ জন সুবিধাভোগী ফ্ল্যাট মালিকের চূড়ান্ত তালিকা অনুমোদন দেয়। সেই সঙ্গে অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকেও মন্ত্রণালয় ১৮ ব্যক্তিকে নির্বাচিত করে।ব্যাখ্যায় বলা হয়, এ প্রকল্পে অনিয়মের বিষয়ে আনা অভিযোগ-সংক্রান্ত গঠিত কমিটি গত বছরের ৯ জুলাই ভূমি মন্ত্রণালয় বাতিল করেছে। এ ছাড়া চুক্তি বাতিল করে নতুন দরপত্র আহ্বান ও বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে এনএসপিডিএল উচ্চ আদালতে মামলাও করেছে।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে প্রথম আলোর নিজস্ব কোনো বক্তব্য নেই। ভূমি প্রতিমন্ত্রী ও প্রকল্প পরিচালকের বক্তব্য এবং মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।