এনকেফালাইটিসে রংপুরে আরও দুজনের মৃত্যু
নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, এই নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হলো। মারা যাওয়া দুজন হলো রংপুরের কাউনিয়া উপজেলার শিবকুঠি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাকিব (৫) ও দিনাজপুরের কাহারোল উপজেলার মালতী রানী (৩৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মালতী রানীকে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামী মনোরঞ্জনও এই রোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ১১ ফেব্রুয়ারি মারা যান। সকাল সাড়ে ১০টায় মারা যায় শিশু রাকিব (৫)। সেও ভর্তি হয় বৃহস্পতিবার রাতে। এনকেফালাইটিসে ওই ওয়ার্ডে এখনো চারজন চিকিৎসাধীন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম গতকাল নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি পৃথক সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। তাদের চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।