এনজিও কর্মকর্তা, শিশুসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা, হবিগঞ্জের বাহুবল এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার শিশুসহ তিনজনকে হত্যা করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখার ঋণ কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫), বাহুবলের পুঁটিজুরী ইউনিয়নের গাজীপুর গ্রামের আবদুল্লাহর পাঁচ বছরের ছেলে আরমান মিয়া ও কসবার কুটি ইউনিয়নের ভৈরবনগর গ্রামের পিকআপের চালক ইউসুফ মিয়া (২২)। এর মধ্যে কামরুল ও ইউসুফকে ছুরিকাঘাতে এবং আরমানকে জবাই করে হত্যা করা হয়েছে। কামরুলের বাড়ি শার্শার যদুনাথপুর গ্রামে।প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, কাজ শেষে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শার্শার হাড়িখালী বাসস্ট্যান্ডে নামেন কামরুল। কিছুদূর যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলার সাতমাইল এলাকার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুলের বড় ভাই নজরুল ইসলাম গতকাল দুপুরে অজ্ঞাত পরিচয় তিন-চারজনকে আসামি করে শার্শা থানায় হত্যা মামলা করেছেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুর্বৃত্ত কামরুলের পথ রোধ করে। এদের মধ্যে একজনকে কামরুল চিনে ফেলায় ছিনতাইকারীরা তাঁকে ছুরি মেরে হত্যা করে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।কামরুলের স্ত্রী রাবেয়া খাতুন কলারোয়ার রামকৃষ্ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষিকা। স্বামীর অকালমৃত্যুতে তিনি মুষড়ে পড়েছেন। চার মাস বয়সী একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত। রাবেয়া খাতুন বলেন, তাঁর স্বামী আশার কলারোয়া কার্যালয়েই থাকতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। এক বছর নয় মাস আগে তাঁদের বিয়ে হয়।বাহুবল (হবিগঞ্জ): পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, সম্পত্তি নিয়ে উপজেলার গাজীপুর গ্রামের আবদুল্লাহর সঙ্গে তাঁর ভাতিজা কামাল মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ভোরে কামাল আবদুল্লাহর শিশুপুত্র আরমানকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে খাটের ওপর জবাই করে লাশ ঘরের পাশের শৌচাগারে ফেলে দেয়। পরে আরমানের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কামালের শৌচাগারের ঢাকনা সরিয়ে লাশ পায়। এ সময় কামাল পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পিটুনি দেয়। কামাল তখন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলে গ্রামবাসী জানায়।পরে বাহুবল থানার পুলিশ গিয়ে আরমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কামাল, তার বাবা দাইমুল্লাহ, মা আয়েশা বেগম, ভাই জয়নাল মিয়া ও শাহজাহান মিয়াকে আটক করে।বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ঘটনার পরপর পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): মামলার এজাহার ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, উপজেলার কুটি এলাকা থেকে মাছ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশে রওনা হন পিকআপের চালক ইউসুফ মিয়া। সঙ্গে ছিলেন মাছ ব্যবসায়ী বিশুচন্দ্র দাস ও এরশাদ মিয়া। কসবার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদে কুমিল্লা-সিলেট সড়কে যাওয়া মাত্র সাত-আটজন দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। তারা দ্রুত ইউসুফের বুকে ছুরিকাঘাত করে চলে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহত ইউসুফের বড় ভাই কুদ্দুছ মিয়া বলেন, তাঁর ভাই মাছ নিয়ে যেতে চাননি। কিন্তু মাছ ব্যবসায়ী বিশুচন্দ্র দাস ও এরশাদ মিয়ার অনুরোধে গাড়ি নিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় কুদ্দুছ মিয়া গতকাল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কসবা থানায় হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ইউসুফের ডান বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মাছ ব্যবসায়ী বিশুচন্দ্র দাস ও এরশাদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলাটি তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।