এনজিও কর্মকর্তাকে খুন করতে লোক ভাড়া করেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিও কর্মকর্তা আবুল কাশেমকে খুন করতে তাঁর স্ত্রী ৫০ হাজার টাকায় লোক ভাড়া করেন। স্ত্রীর সম্পর্কে বাধা দেওয়ায় কাশেমকে খুন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া গাড়িচালক আমিনুল ইসলাম (২৩), কামরুল হাসান (২৭) ও হোসেন মিয়া (২৫) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এসব কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল টাঙ্গাইলের দেলদুয়ারে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া কামরুল হাসান একটি মসজিদের ইমাম। ঢাকা মহানগর পুলিশের (ডিমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম ছিলেন নিহত আবুল কাশেমের গাড়িচালক ছিলেন। জিজ্ঞাসাবাদে আমিনুল বলেন, কাশেমের স্ত্রী ফাতেমা কায়সারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে কাশেম তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেন। এতে তিনি কাশেমের ওপর ক্ষিপ্ত হন। পরে কাশেমকে খুন করতে তাঁর স্ত্রী ৫০ হাজার টাকা দেন। জিজ্ঞাসাবাদে আমিনুল আরও জানান, কাশেমকে খুন করতে কামরুল হাসান ও হোসেন মিয়াকে ভাড়া করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী গত বছরের ১৫ ডিসেম্বর রাতে কামরুল ও হোসেন মিলে কাশেমের গ্রিন রোডের ভাড়াবাড়ির গ্যারেজে লুকিয়ে থাকেন। গভীর রাতে কাশেমের স্ত্রী তাঁদের ডেকে ওপরে নিয়ে যান। গ্রেপ্তার হওয়া কামরুল ও হোসেন জিজ্ঞাসাবাদে জানান, বাসায় ঢুকে তাঁরা ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে কাশেমকে হত্যা করেন। তদন্তকারীরা জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কাশেমের স্ত্রী ফাতেমা কায়সার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ১৫ ডিসেম্বর রাজধানীর গ্রিন রোডের ভাড়া ফ্ল্যাটে শোবার ঘর থেকে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক আবুল কাশেমের (৫৩) লাশ উদ্ধার করে পুলিশ।