এনজিও কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি এনজিওর নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দুস্থ নারীদের ঋণের টাকা আত্মসাৎ এবং প্রথম আলো প্রতিনিধির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে এ কথা জানা গেছে।সূত্র জানায়, দারিদ্র্য নিবারণ কেন্দ্রের (ডিএনকে) নির্বাহী পরিচালক খন্দকার তৌহিদুর রহমান ২০০৫ সালে দুস্থ নারীদের মধ্যে বিতরণের জন্য কৃষি ব্যাংক থেকে দুই লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা ঋণগ্রহীতারা যথাসময়ে ফেরত দিলেও তৌহিদুর কৃষি ব্যাংকের কাছে ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিকের নাম ব্যবহার ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ঋণ গ্রহণসহ তাঁর (তৌহিদুর) বিরুদ্ধে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাসের নেতৃত্বে এক সদস্যের কমিটি করে দেন ইউএনও। তদন্ত শেষে কমিটি সব অভিযোগের প্রমাণ পায়।এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও অতুল সরকার জানান, তদন্তে ব্যাংক থেকে উত্তোলিত টাকার মাত্র ২২ হাজার ৫০০ টাকা জমা দিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তা ছাড়া প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিকের স্বাক্ষর জালের বিষয়টিও প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রয়োজনীয় কাগজপত্র গতকাল রোববার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।