এনজিও কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দারিদ্র্য নিবারণকেন্দ্র (ডিএনকে) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দুস্থ ৩৬ জন নারীর ঋণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঋণগ্রহীতাদের মধ্যে ১৩ জন উল্লাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।জিডি ও দুস্থদের অভিযোগ থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর গ্রামের ৩৬ জন দুস্থ নারীকে নিয়ে ডিএনকে আত্মনির্ভরশীল কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২০০৫ সালের ১৯ জুলাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পঞ্চক্রোশী শাখা থেকে ছয় লাখ ৩৮ হাজার টাকা ঋণ উত্তোলন করে। এই টাকা ৩৬ জনের মধ্যে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়। এই টাকা ডিএনকে সংস্থার প্রতিনিধিরা সদস্যদের কাছ থেকে সাপ্তাহিক কিস্তিতে আদায় করেন। আদায়কৃত টাকা ঋণগ্রহীতাদের নামে ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও টাকা জমা প্রদান না করে আত্মসাৎ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ ঋণের টাকা ফেরত না পেয়ে ঋণগ্রহীতাদের নোটিশ দিলে বিষয়টি জানাজানি হয়।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো, আবদুল কাদের বিশ্বাসকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।এ বিষয়ে ডিএনকের নির্বাহী পরিচালক তৌহিদুর রহমান বলেন, সদস্যরা টাকা না দেওয়ায় ব্যাংকে জমা দেওয়া সম্ভব হয়নি। একটি মহল ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে।