এনজিও কার্যালয়ে রিভলবার নিয়ে হুমকি, গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে রিভলবার নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে অহিদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামারখোলা গ্রামে নিজ বাড়ি থেকে অহিদকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়। অহিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আশফাক রাসেল জানিয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে অহিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করেন বেসরকারি সংস্থা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টারের (রিক) নবাবগঞ্জের চুড়াইন শাখার ব্যবস্থাপক শামীম আল মামুন।
শামীম প্রথম আলোকে জানান, অহিদের স্ত্রী মরিয়ম তাঁদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। অনেক কষ্টে তাঁরা সেই টাকা আদায় করেন। মরিয়ম আবার ঋণ নিতে বৃহস্পতিবার দুপুরে চুড়াইনে তাঁদের কার্যালয়ে আসেন। তাঁরা ঋণ দিতে অপারগতা জানালে অহিদ এসে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কোমড় থেকে রিভলবার বের করে ফাঁকা গুলি ছোড়েন অহিদ। এ সময় তাঁদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে রিভলবার থেকে গুলি বের হয়ে অহিদের হাতের আঙুলে লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এলে অহিদ ও তাঁর স্ত্রী চলে যান।