এনজিও খাতকে গতিশীল করার আইনটি এখন ফাইলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পেরিয়ে গেলেও বৈদেশিক সাহায্যপুষ্ট বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) জন্য নতুন আইনটি করতে পারেনি সরকার। সরকারের বাকি মেয়াদেও ওই আইন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বাংলাদেশের এনজিওগুলো সাধারণত সমাজসেবা অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা নিবন্ধন দিয়ে থাকে। তবে বিদেশ থেকে অুনদান আসে এমন এনজিওগুলোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিওবিষয়ক ব্যুরোতে নিবন্ধন করতে হয়। বর্তমানে ব্যুরোর নিবন্ধন করা এনজিওর সংখ্যা প্রায় আড়াই হাজার।
বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিওগুলো ‘দি ফরেন ডোনেশনস (ভলান্টারি অ্যাক্টিভিটিস) রেগুলেশন রুলস-১৯৭৮’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০০১ সালে জারি করা একটি পরিপত্র অনুযায়ী চলে। সরকার এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ আইন তৈরির উদ্যোগ নেয়।
এনজিও ব্যুরোর কর্মকর্তারা জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পরপরই ওই আইন করার উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালে এ-সংক্রান্ত ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন-২০১১’ আইনের খসড়াও করা হয়। এরপর এনজিওসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। ২০১২ সালে আইনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে এটি মন্ত্রিপরিষদে যাওয়ার কথা। কিন্তু দেড় বছরে আর কিছু এগোয়নি।
খসড়া আইনটিতে ৩১টি ধারা রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এনজিওগুলোর নিবন্ধন ও নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড়করণ ও ব্যবহার, বিদেশ থেকে অর্থ আনাসহ সার্বিক কার্যক্রম নতুন এই আইনের মাধ্যমেই পরিচালিত হবে। এর মাধ্যমে এনজিও খাতে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা হবে।
আইনটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে এনজিও ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সরকার এনজিওগুলোকে উন্নয়নের অংশীদার মনে করে। নতুন এই আইন হলে এনজিওগুলোর কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। আর সে কারণেই আইনটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল।’ কিন্তু আইনটি কেন হলো, সে বিষয়ে ব্যুরোর মহাপরিচালক কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘আইনটি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে। আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি। সরকার বলেছিল সবার জন্য ভালো হয় এমন একটি আইন করা হবে। কিন্তু এই সরকারের আমলে আইনটি হবে বলে আর মনে হয় না।’
অ্যাসোসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস বাংলাদেশের (অ্যাডাব) ভাইস চেয়ারম্যান রফিকুল আলম বলেন, ‘দেশে যত্রতত্র এনজিও গজিয়ে উঠেছে। আমরা মনে করেছিলাম নতুন আইন হলে সে বিষয়গুলো ঠিক হবে। কিন্তু আইন না হওয়ায় শঙ্কাগুলো থেকেই গেল।’