জলবায়ু পরিবর্তন তহবিলের আওতায় যেসব প্রকল্প অনুমোদন করা হয়েছে, তাদের কর্মকাণ্ড তৃতীয় পক্ষ দিয়ে তদারক করা হবে। কোনো বেসরকারি সংস্থাকে এ দায়িত্ব দেওয়া হবে। এ পর্যন্ত যে ৫৩টি এনজিওর প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, তাদের আদৌ অস্তিত্ব আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কৌশল ও কর্মপরিকল্পনা, ২০০৯-এর অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ কথা জানানো হয়।গতকাল বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচার (আইইউসিএন) এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। সরকারি ও বেসরকারি সংস্থার জলবায়ু বিশেষজ্ঞরা এতে অংশ নেন।সেমিনারে সঞ্চালনের দায়িত্বে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে কৌশলপত্রটি তৈরি হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, এটা পর্যবেক্ষণের দায়িত্ব সবার। এখানে নতুন কোনো বিষয় যুক্ত করার থাকলে সে সুযোগও রয়েছে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সরকারের দারিদ্র্য বিমোচন কার্যক্রম, অর্থনৈতিক উন্নতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে। এখানে একটি ছেড়ে আরেকটি কাজ সঠিকভাবে করা যাবে না। মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কর্মকাণ্ডের দায়িত্বে থাকা মঞ্জুরুল হান্নান খান বলেন, যে ৫৩টি এনজিও এবং ৪৪টি সরকারি প্রকল্প অনুমোদন পেয়েছে, তাদের কর্মকাণ্ড তদারক করতে তৃতীয় পক্ষ নিয়োগ করা হবে।সমাপনী বক্তব্যে পরিবেশ ও বনসচিব মেজবাউল আলম বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকার একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করছে এবং একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। সেমিনারে জীববৈচিত্র্য বিশেষজ্ঞ এস এম রশীদ প্রশ্ন করেন, কোন যোগ্যতার ভিত্তিতে ৫৩টি এনজিওকে নীতিগত অনুমোদন দেওয়া হলো। উত্তরে মঞ্জুরুল হান্নান খান বলেন, যে চার হাজার প্রকল্প প্রস্তাব জমা পড়েছিল, তাদের মধ্যে ৬০ শতাংশ সচেতনতা বৃদ্ধির জন্য তহবিল চেয়েছিল। সরকার সিদ্ধান্ত নেয়, অবকাঠামো খাতে বেশি অর্থ দেওয়া হবে। ১০০টি প্রস্তাব পাওয়া গেছে, যা একজন ব্যক্তি লিখেছেন। শুধু সংস্থার নাম ও কর্মএলাকা পরিবর্তন করে তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ফলে এসব বাদ দেওয়া হয়েছে।