এনজিও বা সুশীল সমাজ সরকারের প্রতিপক্ষ নয়: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বেসরকারি সংস্থা (এনজিও) কিংবা সুশীল সমাজ সরকারের প্রতিপক্ষ নয়। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় এনজিও ও সরকার একসঙ্গে কাজ করতে পারে। তবে এনজিওগুলোকে মানুষের কাছে তাদের কাজের জবাবদিহি করতে হবে। এদেশে কাজ করে এমন আন্তর্জাতিক এনজিওদের মোর্চা আইএনজিও ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে গওহর রিজভী এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়।গওহর রিজভী বলেন, প্রায়ই অভিযোগ ওঠে, বর্তমান সরকার এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। এই ধারণা ভুল। বিদেশি অর্থ খরচে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এনজিওগুলো যেসব মানুষের জন্য কাজ করছে, সেই কাজে মানুষের সমর্থন বা অংশগ্রহণ আছে কি না, সেদিকে নজর দিতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার বলেন, ভিশন-২০২১ লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি এনজিওগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এনজিওকে নিয়ন্ত্রণের জন্য নয় বরং তাদের কাজ আরও এগিয়ে নেওয়ার জন্যই নতুন আইন হচ্ছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গণতান্ত্রিক সমাজপ্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে।’ বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের ওভারসিজ ডিরেক্টর পল ও ব্রেইন, অক্সফামের কান্ট্রি ডিরেক্টর গ্রেথ প্রাইস জোনেস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় ‘৪০ বছরে উন্নয়নের ক্ষেত্রে আইএনজিওর ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ বিনায়ক সেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্বচ্ছতা, ন্যায়বিচার ও গণতন্ত্র’, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায়বিচার’, ‘শিক্ষা, শিশু ও যুবসমাজ ও ভবিষ্যতের ভাবনা’, ‘সামাজিক অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতা’ এবং ‘স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পয়োনিষ্কাশন’—এই পাঁচটি বিষয়ে পৃথক আলোচনা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ ও দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামসহ রাজনীতিবিদ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রধান ও প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব আলোচনায় অংশ নেন।সমাপনী অধিবেশনের সভাপতি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, এনজিওদের কাজ সরকারের কাজের পরিপূরক। প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগবিষয়কমন্ত্রী আবদুর রাজ্জাক। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই আয়োজনের।