এনজিও ব্যুরোর ক্ষমতা অহেতুক বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি অনুদান-সম্পর্কিত বিলের বিষয়ে আপত্তি তুলেছে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও)। তারা বলেছে, প্রস্তাবিত এই আইনে এনজিও ব্যুরোর ক্ষমতা অহেতুক সম্প্রসারণ করা হয়েছে।
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল বুধবার এনজিও প্রতিনিধিরা লিখিতভাবে এ অভিযোগ করেছেন। বৈঠকে তাঁরা বলেছেন, বিলটি আইনে পরিণত হলে প্রবাসী বাংলাদেশিসহ অন্যরা জনহিতকর কাজে নিরুৎসাহিত হবেন এবং অবৈধ টাকার বিস্তার ও কর ফাঁকির আশঙ্কা বাড়বে।
জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। বৈঠকে এডাব, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মানুষের জন্য ফাউন্ডেশন, নিজেরা করি, ওয়াটার এইড, অ্যাকশন এইড, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ নারী প্রগতি সংঘসহ বেশ কয়েকটি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা লিখিতভাবে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫-এর বেশ কয়েকটি ধারার বিষয়ে আপত্তি তুলে ধরেন এবং এসব ধারা সংশোধনের দাবি জানান। গত ১ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়।
এনজিওগুলো বলেছে, প্রস্তাবিত আইনে এনজিও নিবন্ধন ও প্রকল্প অনুমোদনের জন্য কোনো সময়সীমা নির্ধারিত নেই। এতে এনজিওর সাবলীল বিকাশ, প্রাধান্য অনুযায়ী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং অর্থায়নের পথে অন্তরায় সৃষ্টি হতে পারে।
নিবন্ধন ও প্রকল্প অনুমোদন সম্পর্কে প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, এনজিও ব্যুরোর নিবন্ধন ছাড়া কোনো এনজিও বিদেশি অনুদান গ্রহণ করে স্বেচ্ছামূলক কর্মকাণ্ড চালাতে পারবে না। তবে ব্যক্তির ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না। প্রকল্প অনুমোদন না করে কোনো ব্যক্তি বা এনজিও বিদেশি অনুদান নিতে পারবে না। ব্যুরো প্রকল্প প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে তা মতামতের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ের আপত্তি বা সুপারিশের ভিত্তিতে প্রকল্প প্রস্তাব সংশোধনের জন্য তা সংশ্লিষ্ট এনজিওর কাছে পাঠানো যাবে। তবে মন্ত্রণালয়ের আপত্তি অগ্রহণযোগ্য মনে করলে ব্যুরো তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে পারবে।
বিলের ১০ ধারাকে বৈষম্যমূলক উল্লেখ করে এনজিওগুলোর আপত্তিতে বলা হয়েছে, সমতলের ৬১ জেলার এনজিও কর্মকাণ্ড পরিবীক্ষণের দায়িত্ব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত। অথচ তিন পার্বত্য জেলার দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকবে, সে বিষয়ে কিছু বলা হয়নি। এ দায়িত্ব জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত থাকা উচিত।
বিলে খরচের রসিদ পাঁচ বছর সংরক্ষণের কথা বলা আছে। এনজিওগুলো ধারাটি সংশোধনের সুপারিশ করে বলেছে, মাঠপর্যায়ের খরচের রসিদ অনেক ক্ষেত্রে সংরক্ষণ করা সম্ভব হয় না।
বৈঠক শেষে টিআইবির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, বিলে এনজিওর সঙ্গে ব্যক্তিকে সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু ব্যক্তির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার দায়িত্ব এনজিও ব্যুরোর নয়। এটি আইন হলে জনহিতকর কাজে বিদেশি অনুদান কমে যাবে। ব্যক্তিগতভাবে কেউ বিদেশি অনুদান নিলেও সে বিষয়ে ঘোষণা না দিয়ে গোপনে নেবে। এতে কালোটাকার বিস্তার ঘটবে। তিনি বলেন, সংসদীয় কমিটি এনজিওগুলোর প্রস্তাব আমলে নিয়েছে এবং প্রয়োজনে তাদের সঙ্গে আরও আলোচনা করে বিল চূড়ান্ত করার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, কমিটি সবার সঙ্গে পরামর্শ করে বিলটি চূড়ান্ত করবে। তবে সবাইকে মনে রাখতে হবে, এ দেশ সার্বভৌম, কারও নির্দেশে চলবে না।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন ও শামসুল হক টুকু, আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক, টিআইবির ইফতেখারুজ্জামান, নিজেরা করির খুশী কবিরসহ অন্যান্য এনজিওর কর্মকর্তারা অংশ নেন।