এনজিওগুলোকে আরও স্বচ্ছ হতে হবে
শুদ্ধাচার শুধু সরকারে হলেই চলবে না, এনজিওসহ পুরো সমাজ ব্যবস্থাতেই তা থাকতে হবে। এনজিওগুলোকে আরও বেশি স্বচ্ছ হতে হবে।
এনজিও খাতে শুদ্ধাচার নিয়ে গত রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন আলোচকেরা। ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন: এনজিওসমূহের জন্য প্রস্তাবিত খসড়া কর্মপরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে এনজিও-বিষয়ক ব্যুরো। এতে সহযোগিতায় ছিল মন্ত্রিপরিষদ বিভাগ ও জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, শুদ্ধাচার শুধু সরকারে থাকলে চলবে না, পুরো সমাজেই তা থাকতে হবে। সুশাসনও পুরো সমাজ ব্যবস্থায় থাকতে হবে। তিনি বলেন, সরকারের কর্মসূচি নেওয়ার আগে যেমন মানুষকে জানানোর প্রয়োজন, তেমনি এনজিওর কর্মসূচি নেওয়ার আগে তা মানুষের জানার প্রয়োজন আছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, এনজিওকে স্বচ্ছ হতে হবে। অনেক এনজিও ব্যক্তিকেন্দ্রিক।
কর্মশালায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।