এনজিওগুলোকে ব্যবসা সনদ গ্রহণে রাঙামাটি পৌরসভার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা এলাকায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) গ্রহণে পৌর মেয়রের চিঠি নিয়ে স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনজিওগুলোর দাবি, তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তাই ব্যবসা সনদ গ্রহণে তারা বাধ্য নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো জানিয়েছে, বিষয়টি তাদের জানা নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর স্মারক নম্বর ১৩৪৬ মূলে রাঙামাটির পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরে পৌরসভা এলাকায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানো এনজিওগুলোকে ব্যবসা সনদ গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনজিও সমন্বয় কর্মকর্তা অর্ণব চাকমা বলেন, রাঙামাটিতে নিবন্ধিত ৪৩টি স্থানীয়, ১৮টি জাতীয় ও ছয়টি আন্তর্জাতিক এনজিও রয়েছে। একাধিক এনজিও কর্মকর্তা বলেন, এনজিও পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অথবা স্থানীয় সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধন বাধ্যতামূলক। সেখানে ব্যবসা সনদের কোনো শর্ত নেই। স্থানীয় এনজিও গ্রিন হিলের নির্বাহী পরিচালক মংথোয়াই মারমা বলেন, এনজিওগুলো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। কাজেই এনজিওগুলোকে ব্যবসা সনদের আওতায় কোনো অবস্থাতেই ফেলা যাবে না।প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর উপপরিচালক খুরশীদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দেশের আর কোনো স্থান থেকে এ রকম তথ্য আসেনি। যে সূত্রের আলোকে রাঙামাটি পৌরসভা এনজিওগুলোকে ব্যবসা সনদ গ্রহণের কথা বলছে তা না পড়ে কোনো কিছু বলা ঠিক হবে না।রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ২০০৩ সালের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এনজিওসহ ব্যাংক, বিমা, কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারগুলোর ব্যবসা সনদ গ্রহণের নির্দেশ জারি করা হয়েছে।