এনজিওগুলোকে রাজনীতিতে জড়িয়ে পড়লে চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, কেবল দাতাদের উদ্দেশ্য রক্ষা না করে জনগণ কী চায় সেটি বুঝতে হবে। জনগণের স্বার্থের কথা চিন্তা করেই বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) কাজ করতে হবে। রাজনীতিতে জড়িয়ে পড়লে চলবে না।‘জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় এনজিওদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে গওহর রিজভী এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার আইডিবি ভবন মিলনায়তনে এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (অ্যাডাব)। অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, নাগরিক সমাজকে সব সময় গণতন্ত্রের সঙ্গে থাকতে হবে। কারণ গণতন্ত্র না থাকলে নাগরিক সমাজ কাজ করতে পারবে না। তিনি বলেন, এনজিওগুলোকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। রাজনীতিতে জড়িয়ে পড়লে চলবে না। উপকারভোগীরা কী চায় তা বুঝতে হবে। এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার বলেন, ‘এনজিও করার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা; নিজের পেট ভরা নয়। কিন্তু অনেকের ধারণা, এনজিও করলেই অনেক টাকার মালিক হওয়া যায়। এটি ভুল ধারণা। কাজেই যাঁরা কাজ করতে চান, মানুষের বন্ধু হয়ে কাজ করুন।’ তিনি বলেন, সরকার এনজিওদের জন্য নতুন আইন করছে। নিয়ন্ত্রণ নয়, মঙ্গলের জন্য এ আইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডাবের সভাপতি রোকেয়া কবীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সমাজসেবা করার ইচ্ছা নিয়ে দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে এনজিও-কার্যক্রম শুরু করেছিল। পরে সেটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, ‘সীমান্তে যা ঘটছে, তাতে আমরা খুশি নই। তাই আমরা সব সময় এসব ঘটনার প্রতিবাদ করছি।’ ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অত্যন্ত স্বাভাবিক সফর। আমরা দুই দেশ সম্পর্কোন্নয়নের জন্য কাজ করছি। কাজেই বছরে একবার-দুইবার মন্ত্রীরা আসবেন-যাবেন এটাই স্বাভাবিক।’ প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের সময় দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে কথা হবে বলেও জানান তিনি। তিস্তা চুক্তি এ সরকারের আমলে হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আমি অন্তত আশাবাদী। তবে কবে নাগাদ হবে সে বিষয়ে কিছু বলতে পারছি না।’