প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বেসরকারি সংস্থাগুলো (এনজিও) মনে করে তাদের দায়বদ্ধ হওয়া উচিত দাতাদের কাছে। কিন্তু প্রকৃত অর্থে তাদের দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে।এনজিওগুলোর সুশাসনবিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ ও মতবিনিময় অনুষ্ঠানে গওহর রিজভী এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল সোমবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি গওহর রিজভী বলেন, ‘কতগুলো এনজিও জনগণের কথা বুঝতে পারে? জনগণের ভাবনায় কাজ করে কয়টি এনজিও? কতগুলো এনজিওতে তৃণমূল থেকে উঠে আসা মানুষের কাজের সুযোগ মেলে? আমার মনে হয়, এ প্রশ্নগুলোর উত্তর এনজিওগুলোর খুঁজে বের করা উচিত।’প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে উন্নয়নবিশেষজ্ঞ হিসেবে আমি কাজ করেছি। এ থেকে আমার উপলব্ধি, কোনো বিশেষজ্ঞ বা পরামর্শক সমস্যার সমাধান দিতে পারবে না। সমস্যার সমাধান দিতে পারবে জনগণ। কাজেই জনগণের কাছে ফিরে যেতে হবে।’প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনজিওগুলোর আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ করার দাবি জানিয়ে বলেন, বছর শেষে এনজিওগুলো দাতাদের হিসাব দেয়। সরকারের এনজিও ব্যুরোর কাছেও হয়তো তারা হিসাব দাখিল করে। কিন্তু একই সঙ্গে জনগণকে সব তথ্য জানানো উচিত। কাজেই জনগণের দেখার সুবিধার্থে এনজিওগুলোর খরচ ও উন্নয়নের বাজেট ওয়েবসাইটে প্রকাশ করা উচিত।গওহর রিজভী বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এনজিওগুলোর সবচেয়ে বড় কাজ হওয়া উচিত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা।অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক নুরুন্নবী তালুকদার বলেন, সরকার এনজিওগুলোকে উন্নয়নের অংশীদার মনে করে। তাই এনজিওগুলোকে নিয়েই কাজ করতে চায় সরকার। আর দেশে যেমন ভালো এনজিও আছে, তেমন খারাপ কিছু এনজিও আছে। দেখা যায়, একটি এনজিওর নির্বাহী পরিচালক ভালো হলে এনজিওটি ভালো হয়। নির্বাহী পরিচালক খারাপ হলে এনজিও খারাপ হয়। এ কারণে এনজিওগুলোর নির্বাহী কমিটি কোনো কাজে আসে না। এই সমস্যার সমাধান হওয়া জরুরি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এ দেশের এনজিওগুলোর কাজের ঐতিহাসিক প্রেক্ষাপট চিন্তা করতে হবে। আর অস্তিত্বের প্রয়োজনে এনজিওগুলোকে আরও ভালোভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এ ছাড়া ডিএফআইডির উপদেষ্টা নাভিদ আহমেদ চৌধুরী ও আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি নিয়াজ আহমেদ খান বক্তব্য দেন।অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এর অংশীদার ৩৯টি এনজিওর ওপর পরিচালিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে এই ৪০টি এনজিওর স্বচ্ছতা, অংশীদারি, জবাবদিহি, আইনি কাঠামো প্রভৃতি বিষয়ের ওপর তথ্য উঠে আসে।