এনজিওতে বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণ আইনের উদ্যোগে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বেসরকারি সংস্থাগুলোতে (এনজিও) বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের আইন করার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ সরকারের ‘ফরেন ডোনেশনস (ভলেন্টারি অ্যাক্টিভিটিস) রেগুলেশন অ্যাক্ট ২০১৪’ প্রণয়নের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করা হয়। দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের আইন হলে এ দেশে এনজিওর কার্যক্রম স্তিমিত হয়ে পড়বে। তবে স্থায়ী কমিটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার দেশের স্বনামধন্য এনজিওগুলোকে তাদের কার্যক্রমে উৎসাহিত করে আসছে।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এমন রাজনৈতিক সহিংসতার শেষ কোথায়?
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ছাড়াও বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, কানাডার পলিটিক্যাল অ্যাটাশে, ডিএফআইডির প্রতিনিধিসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশ নেন আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু, তাজুল ইসলাম প্রমুখ।