এনজিওতে বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণের চেষ্টায় উদ্বেগ এইচআরডব্লিউর
বাংলাদেশে বেসরকারি সংস্থাগুলোতে (এনজিও) বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সরকারের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত শনিবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। খবর ইউএনবির।
নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ‘ফরেন ডোনেশনস (ভলেন্টারি অ্যাক্টিভিটিস) রেগুলেশন অ্যাক্ট ২০১৪’ এর খসড়া অনুযায়ী বিদেশি অর্থায়নে পরিচালিত হয় এমন যেকোনো এনজিওর কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়ে পড়বে। প্রস্তাবিত আইনের এই বাধানিষেধের বিরুদ্ধে উচ্চকিত হওয়ার জন্য দাতাদের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে, বাংলাদেশের উন্নয়ন ও মানবাধিকারমূলক কাজে দাতাদের অর্থায়নে মারাত্মক মাত্রায় বাধা সৃষ্টি করবে। এ ছাড়া, এনজিওর বৈধ কাজেও বাধানিষেধ আরোপে খুব সহজে এই আইনটির অপব্যবহার হতে পারে।’
ফিল রবার্টসন আরও বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতি বেড়েই চলেছে। এই অবস্থায় এনজিওর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে কঠোর আইন করার জন্য সরকার তাদের সময় ব্যয় করছে, এটা খুবই অদ্ভুত।’ তিনি বলেন, সাধারণত কর্তৃত্বপরায়ণ দেশে এমন আইন করতে দেখা যায়, বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের সঙ্গে এমন আইন খাপ খায় না।
প্রস্তাবিত আইনের খসড়ার একটি বিশেষ দিক নিয়ে জোরালো উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ। তা হচ্ছে, এনজিওবিষয়ক ব্যুরোর কাছে নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেওয়া।