এনজিওর ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়বে
দেশের স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থাগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়তে যাচ্ছে। বিদেশি অনুদান পাওয়া বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) জন্য আইনের যে খসড়া সরকার চূড়ান্ত করেছে, তা পর্যালোচনা করে এর সঙ্গে যুক্ত অংশীজনদের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে।
গত সোমবার মন্ত্রিসভায় আইনটির খসড়া অনুমোদন হয়। তবে আইন তৈরির ক্ষেত্রে এনজিওর নিবন্ধন, প্রকল্প অনুমোদন, কর্মকাণ্ড মূল্যায়ন, প্রশাসক নিয়োগসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীজনদের মতামত উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খসড়া আইন অনুযায়ী এনজিওর বাইরে যেকোনো ব্যক্তি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিচারপতি, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি বা রাজনৈতিক দলের জন্য অনুদান নেওয়ার ক্ষেত্রে এনজিও ব্যুরোর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে একাধিক এনজিওর প্রধান বলেছেন, ব্যক্তির বিদেশি অনুদান আনার বিষয়টি দেখভালের দায়িত্ব এনজিও ব্যুরোর কাছে দেওয়া ঠিক হয়নি। এর ফলে ভুল-বোঝাবুঝির অনেক সুযোগ তৈরি হবে। উচ্চশিক্ষা ও বৃত্তির জন্য এমনকি চ্যারিটির জন্যও ব্যুরোর কাছে যেতে হবে।
আইনটি অনুমোদন হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এর বাস্তবায়ন নিয়ে। যে পরিমাণ কাজের দায়িত্ব এনজিও ব্যুরোর ওপর চাপানো হয়েছে, তা করার ক্ষমতা ওই প্রতিষ্ঠানের নেই বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যুরোতে এখন কর্মরত জনবল ৬০ হলেও এঁদের মধ্যে কর্মকর্তা আছেন ডজন খানেক। আর ব্যুরোর অনুমোদিত মোট জনবল ৮৪।
প্রায় দুই বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় আইনটি চূড়ান্ত করছিল। কিন্তু ব্যুরোকে শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জাতীয় সংসদের আগামী অধিবেশনে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৪’ শীর্ষক খসড়াটি পাস হওয়ার কথা রয়েছে। জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এই আইনের লক্ষ্য বিদেশি অনুদানে পরিচালিত এনজিওগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা আইনের পক্ষে, নিয়ন্ত্রণের বিপক্ষে। এমনিতেই বিদেশি অনুদানের পরিমাণ বাংলাদেশসহ বিশ্বজুড়ে কমছে। সেখানে এমন কিছু করা ঠিক হবে না, যা বিদেশি অনুদানের প্রবাহ বাধাগ্রস্ত করে।’
এনজিও ব্যুরো সূত্র জানায়, ১৯৯০ সালে ব্যুরো প্রতিষ্ঠার পর দুই হাজার ৩০৩টি এনজিও নিবন্ধিত হয়। এর মধ্যে বিদেশি অনুদানে পরিচালিত এনজিও ২৩৩। ১৯৯০ থেকে এ পর্যন্ত বিদেশি অর্থ ছাড় হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।
নতুন আইন অনুযায়ী, বিনা অনুমতিতে এবং নিয়ম না মেনে কেউ বিদেশি অনুদান আনলে এক টাকার জন্য সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ তিন টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এ ছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বা চোরাচালানের মতো অপরাধের ক্ষেত্রে কোনো এনজিওর সম্পৃক্ততা পাওয়া গেলে প্রচলিত আইনে বিচার হবে।
প্রতিটি এনজিওর একটি মূল হিসাব (মাদার অ্যাকাউন্ট) থাকবে। ওই হিসাবে বৈদেশিক অনুদানের সব টাকা সংরক্ষণ করতে হবে। এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়া কোনো তফসিলি ব্যাংক সংশ্লিষ্ট এনজিও বা ব্যক্তিকে টাকা দিতে পারবে না। প্রতিবছর ওই হিসাব নিরীক্ষা করে প্রতিবেদন এবং বার্ষিক বিবরণী এনজিও ব্যুরোর কাছে জমা দিতে হবে। এনজিওগুলোর পক্ষ থেকে অর্থবছরের শেষে প্রতিবেদন দেওয়ার জন্য চার মাস সময় চাওয়া হলেও আইনে দুই মাস সময় রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও পরিচালনার জন্য সামরিক শাসনের সময়ে করা ১৯৭৮ ও ১৯৮২ সালের দুটি অধ্যাদেশ আছে। এগুলো পরিপূর্ণ না হওয়ায় এ-সংক্রান্ত অনেক কার্যক্রম নির্বাহী আদেশে হয়ে আসছে। তাই সবগুলোকে একত্র ও হালনাগাদ করে বিদেশি অনুদানে স্বচ্ছতা বাড়াতে আইনটি করা হচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আইন প্রণয়নের উদ্দেশ্য ভালো। কিন্তু আমাদের উদ্বেগের অনেকগুলো বিষয় রয়ে গেছে। এমনকি যেসব ধারা সংযোজন-বিয়োজনের বিষয়ে মতৈক্য হয়েছিল, সেগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে।’
মূল্যায়নও করবে এনজিও ব্যুরো: এনজিওগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, বিদেশি অনুদানে পরিচালিত সংস্থার প্রকল্পগুলো পরিদর্শন ও পরিবীক্ষণ এনজিও ব্যুরো করতে পারে। কিন্তু এসব প্রকল্প মূল্যায়ন করার মতো লোকবল, সক্ষমতা ও সামর্থ্য ব্যুরোর নেই। দারিদ্র্য বিমোচন, বাল্যবিবাহ রোধসহ কিছু প্রকল্পের প্রভাব দীর্ঘমেয়াদি হওয়ায় এনজিওগুলো কর্মকাণ্ড মূল্যায়নের বিরোধিতা করে আসছে। কিন্তু চূড়ান্ত আইনে অংশীজনের মত উপেক্ষা করে মূল্যায়নের ক্ষমতা দেওয়া হয়েছে এনজিও ব্যুরোর কাছে।
এ প্রসঙ্গে সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, এনজিও ব্যুরোর সেই সক্ষমতা নেই, এটা সত্য। ভবিষ্যতের কথা চিন্তা করে লোকবল ও সক্ষমতা বাড়িয়ে প্রকল্প মূল্যায়ন করার সুযোগ আইনে রাখা হয়েছে।
বেসরকারি সংস্থাগুলো আইন করার পক্ষে হলেও এর অন্তত ১০টি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে। ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনটি পর্যালোচনা করে ফেডারেশন খুব শিগগির পূর্ণাঙ্গ বক্তব্য দেবে।
নিবন্ধন ও প্রকল্প অনুমোদনের সময়সীমা নেই: এনজিওগুলোর পক্ষ থেকে নিবন্ধন ও প্রকল্প অনুমোদনের জন্য নির্দিষ্ট সময় চাওয়া হয়েছিল। তারা বলেছিল, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নিবন্ধন দিতে হবে এবং ৪৫ দিনের মধ্যে নবায়ন করতে হবে। নিবন্ধন বা নবায়ন দিতে দেরি বা ব্যর্থ হলে তা আবেদনকারীকে লিখিতভাবে জানাতে হবে।
কিন্তু চূড়ান্ত আইনে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা জানান, বেশির ভাগ এনজিও কাজ করে গ্রামাঞ্চলে। ঢাকা থেকে ওই এনজিওর মালিক কে বা কারা, সেই খোঁজখবর নেওয়ার প্রক্রিয়া এখনো আধুনিক নয়। ডাকযোগে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে বা সশরীরে গিয়ে খোঁজখবর নেওয়ার এই প্রক্রিয়ায় সময় বেঁধে দেওয়া ঠিক হবে না।
প্রশাসক নিয়োগ: নিয়ম না মানলে এনজিও বন্ধ করে প্রশাসক নিয়োগ করতে পারবে এনজি ব্যুরো। আইনের ১৬(খ) ধারায় বলা আছে, এনজিও বিলুপ্ত করা, মামলা দায়ের ও পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করা হবে।
এ প্রসঙ্গে অংশীজনদের মত ছিল, ধারাটি বাতিল করা উচিত। কারণ এনজিও ব্যুরোর দেওয়া নিবন্ধন বাতিলের ক্ষমতা ব্যুরোকে দেওয়া অযৌক্তিক। একইভাবে প্রশাসক নিয়োগ ব্যুরোর এখতিয়ারবহির্ভূত।
ইফতেখারুজ্জামান বলেন, অনেক এনজিও শুধু বিদেশি অনুদানে চলে, এমনটি নয়। তাই বিদেশি অনুদান নিয়ে কোনো অনিয়মের কারণে একটি এনজিও বন্ধ বা বিলুপ্ত করলে অন্যান্য সব কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, কেউ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারবেন, হয়তো এখনো যাওয়া যাবে। কিন্তু এটা নিয়ে ভুল-বোঝাবুঝির সুযোগ থাকছে।’
ব্যক্তির বেলায়ও কড়াকড়ি: সুনির্দিষ্ট কারণে কোনো ব্যক্তি বৈদেশিক অনুদান নিতে পারবে। এর জন্য নিবন্ধন না লাগলেও ব্যুরোর অনুমোদন নিতে হবে। আইনে বলা হয়েছে, রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশি অনুদান নিতে পারবেন না। এনজিও অনুদান নিতে পারলেও সংস্থার কর্মকর্তা-কর্মচারী তা নিতে পারবেন না।
আইনে প্রতি মাসে একটি সমন্বয় সভা করার কথা বলা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সভা ডাকবেন। এনজিওগুলো ত্রৈমাসিক সভা ডাকার প্রস্তাব দিয়েছিল।