এনজিওর কর্মকর্তাকে আটকে রেখে নির্যাতন!
সাভারের ফুলবাড়িয়া এলাকায় ‘স্বদেশ মাল্টিপারপাস’ নামের বেসরকারি সংস্থার (এনজিও) এক মাঠ কর্মকর্তাকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তিন দিন আটকে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার আবু বক্কর (২৪) নামের ওই কর্মকর্তাকে পুলিশ উদ্ধার করে।আবু বক্কর রাজধানীর তেজগাঁও কলেজের স্নাতক সম্মান (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম আবদুর রশীদ। রশীদ রিকশা চালান। থাকেন ফুলবাড়িয়া এলাকায়।আবু বক্করের ভাষ্যমতে, লেখাপড়ার খরচ জোগাতে তিনি বছর তিনেক আগে ওই এনজিওতে মাঠ কর্মকর্তার চাকরি নেন। এনজিওটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের আদলে কার্যক্রম চালিয়ে আসছে। সেখানে কর্মরত অবস্থায় তিনি বাবার চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে না জানিয়ে দুই লাখ টাকা খরচ করে ফেলেন। বিষয়টি জানার পর ওই এনজিওর চেয়ারম্যান ওবায়দুল্লাহ গত মঙ্গলবার তাঁর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। এরপর ওবায়দুল্লাহ নিজ বাড়ির একটি ঘরের বারান্দায় তাঁকে আটকে রেখে রড ও লাঠি দিয়ে পেটাতে থাকেন। পরে তাঁর বাবা রশীদ প্রায় এক ভরি ওজনের স্বর্ণালংকার ও এক লাখ ১২ হাজার টাকা ওবায়দুল্লাহকে দেন। এর পরও বাকি টাকার জন্য তাঁকে নির্যাতন করা হয়। এ সময় তাঁকে খাবারও দেওয়া হয়নি। রড ও লাঠির আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ হয়ে গেছে।রশীদ অভিযোগ করে বলেন, ‘বেশির ভাগ টাকা পরিশোধ করার পর বাকি টাকার জন্য সময় চাইতে গেলে ওবায়দুল্লাহ আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারধর করেন। এরপর আমি ভয়ে আর সেখানে যাইনি।’পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে আবু বক্করকে উদ্ধার করা হয়।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল্লাহ বলেন, আত্মসাৎ করা টাকা আদায়ের জন্য বক্করকে আটকে রাখা হয়েছিল। তাঁকে কোনো মারধর করা হয়নি। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে তাঁরা ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছেন। এ পর্যন্ত ৩০০ জনকে অন্তত ৩৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।