এনজিওর কর্মকর্তাকে মারধর, মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
পটুয়াখালীর বাউফল উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’-এর কর্মকর্তা আবদুল হালিমকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। তাঁকে মারধর করে সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আবদুল হালিম উপজেলা সদরের দাশপাড়া এলাকায় উদ্দীপনের বাউফল শাখা-১-এর ব্যবস্থাপক। তাঁর বাড়ি বরগুনার বাবুগঞ্জ উপজেলার পদ্মা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩০) উদ্দীপনের বাউফল শাখা-১ থেকে দুই লাখ টাকার ঋণ নেন। সময়মতো পরিশোধ না করায় তিনি খেলাপি হন। এ ঘটনায় ব্যবস্থাপক আবদুল হালিম পটুয়াখালী আদালতে মামলা করেন। এতে ক্ষুব্ধ হন সাইফুল। শুক্রবার সকাল ১০টার দিকে আবদুল হালিম হোসনাবাদ বাজারের উত্তর-পূর্ব পাশে যান। সেখান থেকে সাইফুলের নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল তাঁকে অপহরণ করে। তাঁরা দাপ্তরিক অনেক কাগজপত্র নিয়ে ছয়টি অলিখিত স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেন এবং বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন। পরে বিকেলে আবদুল হালিমকে তাঁরা ছেড়ে দেন।
এ ঘটনার পর আবদুল হালিম বাদী হয়ে সাইফুল ইসলাম ও মো. কবির নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয় ব্যক্তির বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন। রাত সাড়ে ১১টার দিকে মো. কবিরকে পুলিশ গ্রেপ্তার করে।
গতকাল শনিবার আবদুল হালিম মুঠোফোনে বলেন, ‘তাঁরা আমাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে উদ্দীপনের বাউফল কার্যালয়ে মুঠোফোনে কল করতে বাধ্য করান। আমার ফোন পেয়ে সেখানকার কর্মীরা সাইফুলের পাঠানো লোকের কাছে তাঁর (সাইফুলের) ঋণসংক্রান্ত যাবতীয় কাগজপত্র দিয়ে দেন। এ ছাড়া ঋণের হিসাব বইতে ১ লাখ ৯৮ হাজার টাকা পরিশোধ হয়েছে মর্মে আমার স্বাক্ষর নেয়। তাঁদের হুমকির পরিপ্রেক্ষিতে আমার স্ত্রী তহমিনা বেগম বিকাশের মাধ্যমে আমার মুঠোফোনে ৫০ হাজার টাকা পাঠান। পরে ওই টাকা তাঁরা নিজেদের বিকাশ নম্বরে নিয়ে আমাকে ছেড়ে দেন।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি লোমহর্ষক, যা সিনেমাকেও হার মানিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।