এনজিওর নামে ৫০ লাখ টাকা নিয়ে উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া পরিচয় দিয়ে প্রথমে ঢাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি নেন তিনি। তাঁকে নওগাঁর দুটি উপজেলার দায়িত্ব দেওয়া হয়। একপর্যায়ে তিনি একটি ভুয়া বেসরকারি প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণের কথা বলে সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে ৫০ লাখেরও বেশি টাকা নিয়ে উধাও হয়ে যান।কয়েক মাস আগে এক প্রতারক নওগাঁর রানীনগর উপজেলায় বিনা অনুমতিতে সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্সের নামে কার্যালয় স্থাপন করেন। পরে সেখানে তিনি নিডিও-পিডিও নামে একটি এনজিও খুলে এ অপতৎপরতা চালান।ওই বিমাপ্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময় জমা দেওয়া জীবনবৃত্তান্তে উল্লেখ করা আছে, ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। বাড়ি রানীনগর উপজেলা শহরে। বাবার নাম মছির উদ্দিন।সরেজমিনে রানীনগর উপজেলা শহরে গিয়ে মছির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি।বিমাপ্রতিষ্ঠানটির বগুড়ার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মাস তিনেক আগে প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ে যোগ দেন। যোগদানের পর তাঁকে রানীনগর ও আত্রাই উপজেলার আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়।প্রতিষ্ঠানের বগুড়ার শাখা ব্যবস্থাপক মতিন রহমান জানান, জাহাঙ্গীরকে গ্রাহক সংগ্রহের অনুমতি দেওয়া হলেও তাঁর জন্য রানীনগরে কোনো দপ্তর (কার্যালয়) বরাদ্দ করা হয়নি। কিন্তু জাহাঙ্গীর রানীনগর উপজেলা সদরের বিএনপির মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে প্রতিষ্ঠানটির নামে কার্যালয় খোলেন। পরে তিনি সেখানে বিমার গ্রাহক সংগ্রহের পাশাপাশি নিডিও-পিডিও নামের ভুয়া এনজিওর কার্যক্রম শুরু করেন।নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের এনজিও নিবন্ধন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আশরাফি জানান, তাঁর দপ্তরের তালিকাভুক্ত সংস্থার মধ্যে নিডিও-পিডিও নামের কোনো সংস্থা নেই।রানীনগর উপজেলা সদরের ব্যবসায়ী শামীম আহমেদ ও বিদ্যুৎ কুমার জানান, জাহাঙ্গীর আলম প্রথমে নিডিও-পিডিওর পক্ষ থেকে তাঁদের কয়েক লাখ টাকা ঋণ দেওয়ার লোভনীয় প্রস্তাব দেন। পরে জাহাঙ্গীর প্রতিটি ঋণ প্রস্তাবের বিপরীতে ১০ শতাংশ হারে অগ্রিম জামানত ও গ্রাহক সঞ্চয় ফি বাবদ আরও দুই হাজার টাকা করে জমা দিতে বলেন। একই প্রস্তাব দিয়ে তিনি রানীনগর, আত্রাই ও বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষকে এনজিওর সদস্য করেন। পরে তিনি তাঁদের কাছ থেকে জনপ্রতি সর্বনিম্ন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। এভাবে তিনি ৫০ লক্ষাধিক টাকা নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছেন।শামীম আহমেদ অভিযোগ করেন, ঋণপ্রস্তাবের জামানত হিসেবে জাহাঙ্গীর তাঁর ৪৭ হাজার ৩০০, পাউবো কর্মচারী মাহবুবের ২২ হাজার এবং ব্যবসায়ী বিদ্যুৎ কুমারের ৬৭ হাজার টাকা নিয়ে গেছেন।নিডিও-পিডিওর প্রতারিত গ্রাহকেরা অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম তাঁদের ২ নভেম্বর ঋণ বিতরণের কথা বলে তাঁর বিএনপি মোড়ের অফিসে আসতে বলেন। কিন্তু ওই দিন তাঁরা সেখানে গিয়ে কাউকে পাননি।সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির রাজশাহী অঞ্চলের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এস এম নুরুজ্জামান জানান, জাহাঙ্গীরের প্রতারণার বিষয়টি কেন্দ্রীয়ভাবে আলোচনা করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে। এ অপরাধে জাহাঙ্গীরকে বরখাস্ত করা হয়েছে। রানীনগর থানার ওসি বলেন, প্রতারিত ব্যক্তিদের কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।