এনজিওর প্রতারণায় ২৫০ তরুণ-তরুণী সর্বস্বান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি বেসরকারি সংস্থার প্রতারণায় রাজশাহীর প্রায় ২৫০ জন বেকার তরুণ-তরুণী সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি এনজিওর মাধ্যমে চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ঢাকার এনজিওটি। তবে স্থানীয় এনজিওর দাবি, তারাও প্রতারণার শিকার। ঢাকার প্রতিষ্ঠানটির নাম এগ্রিকালচার, সায়েন্স অ্যান্ড ইনফরমেশন রিসার্চ (এএসআইআর) ফাউন্ডেশন। আর স্থানীয় সংস্থাটির নাম নারীমুক্তি মহিলা সমাজকল্যাণ সমিতি (এনএমএসকেএস)। নারীমুক্তি সংস্থার প্রধান কার্যালয় রাজশাহী নগরের চণ্ডীপুর কদমতলার মোড় এলাকায়। ভুক্তভোগীরা জানান, গত আগস্টে স্থানীয় এনজিওটি টাকার বিনিময়ে মাঠকর্মকর্তা, পরিদর্শক ও প্রকল্প কর্মকর্তা—এই তিন পদে লোক নেয়। পদ তিনটিতে যথাক্রমে আট, ১২ ও ২০ হাজার টাকা বেতনসহ টিএডিএ ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘোষণা দেওয়া হয়। এই প্রলোভন দিয়ে প্রায় ২৫০ জন বেকার যুবক-যুবতীর কাছ থেকে ৫০ লাখের মতো টাকা আদায় করা হয়। রাজশাহীর জিন্নানগর এলাকার শামীম আহাম্মেদ বলেন, তাঁকে প্রথমে পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার নামে তাঁর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর তিনি ২০ হাজার ও ১৬ আগস্ট এক লাখ টাকা দিয়েছেন। টাকা দেওয়ার প্রমাণপত্রও তাঁর কাছে আছে। এরপর আর তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। পবা উপজেলার বায়া এলাকার যুবক আইনাল হক বলেন, প্রকল্প কর্মকর্তার পদে চাকরি দেওয়া ছাড়াও নারীমুক্তির নির্বাহী পরিচালক শাহানারা বেগম তাঁর কাছ থেকে ধার বাবদ আরও আড়াই লাখ টাকা নেন। তখন শাহানারা বেগম বলেছিলেন, প্রজেক্টের চেক পেলেই টাকাটা দিয়ে দেবেন। এখন সেই প্রজেক্টও আসেনি, টাকাও দিচ্ছেন না। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এএসআইআর ফাউন্ডেশনের পক্ষে ঊর্ধ্বতন প্রকল্প উপদেষ্টা (সিনিয়র প্রজেক্ট কনসালট্যান্ট) হাফিজুর রহমান নারী মুক্তির সঙ্গে যাবতীয় চুক্তি করেন। শাহানারা বেগম বলেন, নাটোরের রাসেল নামের এক যুবকের মাধ্যমে হাফিজুরের সঙ্গে পরিচয়। সেই সূত্র ধরে হাফিজুর তাঁকে বলেন, তাঁরা ৫০০ কোটি টাকার প্রকল্প পেয়েছেন। সেখান থেকে দুটি প্রকল্প তাঁদের দিয়ে করাবেন। এর একটি ৫২ কোটি ও অপরটি ২৭ কোটি টাকার। চুক্তির শর্তানুযায়ী, হাফিজুরকে ১২ লাখ টাকা দিতে হবে। এটা দিলে নারীমুক্তির অ্যাকাউন্টে তাঁরা প্রকল্পের টাকা জমা দিয়ে দেবেন। হাফিজুর তাঁকে কর্মচারী নিয়োগ দিয়ে টাকা তুলে দিতে বলেন। শাহানারা বেগম দাবি করেন, তিনি প্রতারণার বিষয়টি বোঝার পর আইনজীবীর সঙ্গে আলাপ করেছেন। শিগগিরই হাফিজুরের নামে মামলা করবেন। তাতে রাসেলকেও আসামি করা হবে।শাহানারা বেগম আরও জানান, তিনি আনুষ্ঠানিকভাবে ২১৫ জনকে নিয়োগ দিয়েছেন। তবে টাকা নেওয়া হয়েছে ৬০-৭০ জনের কাছ থেকে। এর পরিমাণ ১০-১২ লাখের মতো। সবটাই হাফিজুর নিয়েছেন।