এনজিওর বিধিবহির্ভূত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, আইনবহির্ভূত কাজ করলে এনজিওগুলোকে আইনের আওতায় এনে কালো তালিকাভুক্ত করা এবং সনদ বাতিল করার মতো একটি আইন হচ্ছে। জনগণের স্বার্থে এনজিওগুলোর লম্বা হাত খাটো করা হবে।গতকাল রোববার ঢাকার স্থানীয় একটি হোটেলে ‘খাদ্যনিরাপত্তা, খাদ্যের সহজপ্রাপ্যতা, সামাজিক নিরাপত্তাবেষ্টনী এবং বাজেট’ শীর্ষক এক সেমিনার শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘দাতাগোষ্ঠীকে আমরা অবহেলা বা উপেক্ষা করতে চাই না। তবে তাদের একটা প্রাতিষ্ঠানিক সীমার মধ্যে রাখতে চাই। এ জন্য একটি আইন থাকুক, যে আইন দ্বারা তাদের নিবন্ধন করা হবে। তাদের টাকার তথ্য আমাদের কাছে আসবে। নিরীক্ষা হিসাব আমরা দেখতে পারব।’সেমিনারে সমাজকল্যাণমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে দেশে খাদ্যশস্য মজুদ রেখে জনগণের চাহিদা মেটানো সম্ভব। সে লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এই সেমিনারের আয়োজন করে। বিআইডিএসের মহাপরিচালক এম আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী শাহাবুদ্দিন।