এনজিওর যোগসাজশে বেনামে ৩০০ জনের টাকা উত্তোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় স্তন্যদানকারী দুস্থ মায়েদের সহায়তা ভাতার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার (এনজিও) যোগসাজশে অন্তত ৩০০ সুবিধাভোগীর দ্বিতীয় কিস্তির অর্থ অন্যেরা তুলে নিয়ে গেছে।

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ২০১২ সালের জুলাই থেকে সারা দেশের জেলা সদরের পৌর এলাকায় স্তন্যদানকারী দুঃস্থ মায়েদের সহায়তা ভাতা দিচ্ছে। কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীরা প্রতি ছয় মাস পর এককালীন দুই হাজার ১০০ টাকা পান।

বরগুনা পৌর এলাকায় এক হাজার ৫০ জন নারী এ সুবিধা পাচ্ছেন। জানা গেছে, মাঠপর্যায়ে সুবিধাভোগীদের বাছাই ও তাঁদের প্রশিক্ষণদানের জন্য ‘বাংলাদেশ অসহায় মহিলা উন্নয়ন সংস্থা’ নামে স্থানীয় একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। সুবিধাভোগীরা গত মার্চে প্রথম কিস্তির টাকা তোলার পর সংস্থাটির কর্মকর্তারা কার্ডগুলো নিয়ে নিজেদের কাছে রেখে দেন। চলতি মাসে দ্বিতীয় কিস্তির টাকা তোলার জন্য সুবিধাভোগীরা কার্ড আনতে সংস্থাটির কার্যালয়ে ধরনা দিলেও অনেকে কার্ড পাননি।

অভিযোগ রয়েছে, সংস্থার কর্মকর্তারা দেড় হাজার থেকে দুই হাজার টাকার বিনিময়ে এসব কার্ডের নাম-ঠিকানা ঠিক রেখে ছবি বদল করে বিক্রি করে দিয়েছেন। এভাবে ৩০০ থেকে ৩৫০টি কার্ড বিক্রি হয়েছে। ৬ আগস্ট শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় সংস্থাটির কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্ড না পাওয়া প্রায় ৩০০ থেকে ৪০০ জন নারী অপেক্ষা করছেন।

৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা রানী অভিযোগ করেন, তাঁর নাতনির নামে প্রথম কিস্তির টাকা নিলেও দ্বিতীয় কিস্তির টাকা তোলার জন্য এখানে কার্ড নিতে এসে পাচ্ছেন না। প্রথম কিস্তির টাকা তোলার পর সংস্থার কর্মকর্তারা সব কার্ড তাঁদের কাছে রেখে দিয়েছেন। এখন বলেছেন কার্ড পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, ‘কার্ড করার সময় তাঁদের কাছ থেকে এনজিওর লোকেরা এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। এখন ছবি পাল্টে আমাদের কার্ড অন্য লোকদের কাছে বিক্রি করে দিচ্ছে। এ রকম ৩০০ থেকে ৩৫০ জন ভুক্তভোগী আছেন।’

অনুসন্ধানে জানা যায়, রুনু বেগম নামের শহরের পিটিআই এলাকার এক নারীর কার্ডের ছবি বদল করে অন্য একজন টাকা তুলে নিয়ে গেছেন। একইভাবে শাহনাজ বেগমের টাকাও তুলে নিয়ে গেছেন আরেকজন।

তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল বলেন, ‘দ্বিতীয় কিস্তির টাকা তুলতে কার্ড নিতে এসে দেখি অন্য একজন আমার স্ত্রীর সই দিয়ে কার্ড নিয়ে গেছেন।’ সংস্থার সমন্বয়কারী মাহবুবুর রহমান ঘুষ আদায় এবং টাকার বিনিময়ে ছবি পাল্টে একজনের কার্ড অন্যজনকে দিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি টাকা নিয়েছি, এমন কথা আমার সামনে এসে বলুক। এসব মিথ্যা কথা।’ পরে অভিযোগকারী কয়েকজন ভুক্তভোগীর নাম উল্লেখ করলে তিনি চুপ থাকেন।

সংস্থার পরিচালক ফোরকান মিয়া বলেন, যাঁরা তালিকাভুক্ত হতে পারেননি, তাঁরা এসব অভিযোগ করছেন। কিন্তু যাঁরা তালিকাভুক্ত হয়েছে, তাঁরা কেন এসব অভিযোগ করছেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘প্রভাবশালীদের কারণে দু-একটি কার্ড এধার-ওধার করেছি। পরবর্তীকালে এটা আর করা হবে না।’

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, ‘দ্বিতীয় কিস্তির টাকা ৩ থেকে ৮ আগস্টের মধ্যে সব সুবিধাভোগী তুলে নিয়ে গেছেন। কিন্তু কিছু সুবিধাভোগীর টাকা অন্যরা কারসাজির মাধ্যমে তুলে নিয়ে গেছেন বলে আমার কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’