এনটিভির পাবনা জেলা প্রতিনিধিকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক সমকাল-এর পাবনা স্টাফ রিপোর্টার এ বি এম ফজলুর রহমানকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডরমিটরি ভবনের সামনে ডেকে নিয়ে তাঁকে কোপানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ডরমিটরি ভবনের সামনে তিনজন যুবক হঠাৎ ফজলুর রহমানের ওপর হামলা চালায়। যুবকেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর আর্তচিৎকারে লোকজন ছুটে এলে যুবকেরা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা ফজলুর রহমানকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বরসহ অনেকে তাঁকে দেখতে হাসপাতালে যান।ফজলুর রহমানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পাবনায় কর্মরত সাংবাদিকেরা শহরের আবদুল হামিদ সড়ক অবরোধ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান জানান, সমপ্রতি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সিরাজুল ইসলামকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নওগাঁ জেলার শাহাপাড়া সরকারি কলেজে বদলি করা হয়। এ নিয়ে গতকাল শনিবার সমকাল-এ সংবাদ প্রকাশিত হয়। গতকাল দুপুর ১২টার দিকে ওই শিক্ষকের দুর্নীতির আরও তথ্য দেওয়ার কথা বলে তাঁকে মুঠোফোনে ওই কলেজে ডেকে নেওয়া হয়। ডরমিটরি ভবনের সামনে অপেক্ষা করার সময় হঠাৎ তাঁর ওপর হামলা চালানো হয়।এসপি জাহাঙ্গীর হোসেন জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত সাংবাদিকের পক্ষ থেকে একটি মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।