এনবিআর চেয়ারম্যানের কলেজের শিক্ষার্থী সংবর্ধনায় যাবেন ৫ মন্ত্রী!
চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আগামীকাল শনিবার কচুয়া যাচ্ছেন সরকারের পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। কলেজটির প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
এই পাঁচজন হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। অর্থমন্ত্রী ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর।
সকাল সোয়া ১০টা থেকে শুরু হওয়া ওই কলেজটির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রীরা। বিকেল চারটার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে কচুয়া ত্যাগ করবেন।
পাঁচ মন্ত্রী ছাড়াও ১৬ জন সাংসদ ও ১০ সচিব ওই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।