চট্টগ্রামে তথ্যকেন্দ্র উদ্বোধন
এনবিআরে দুই বছরের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে
চট্টগ্রামের আগ্রাবাদে সরকারি কার্যভবন-১-এ গতকাল শুক্রবার কর তথ্য ও সেবাকেন্দ্র চালু হয়েছে। দুপুরে কেন্দ্রের নামফলক উন্মোচন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) নাসির উদ্দিন আহমেদ।এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ডের ৪০ বছরের ইতিহাসে প্রথমবার চট্টগ্রামে এ তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হলো। এ কেন্দ্র থেকে আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) বিষয়ক যেকোনো তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও পরিচালনা) সৈয়দ মো. আমিনুল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, এ কে খান গ্রুপের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান প্রমুখ।অনুষ্ঠান শেষে বিকেলে নগরের আগ্রাবাদ হোটেলে জাতীয় মূসক দিবস ২০১১ ও মূসক সপ্তাহ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এতে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, দুই বছরের মধ্যে রাজস্ব বোর্ড পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাবে। তখন অনলাইনে রিটার্ন জমা ও বিল পরিশোধ করা যাবে। সৎ করদাতাদের উৎসাহিত করতে আধুনিক বিশেষ ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে।চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফিরোজ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআরের সদস্য (মূসক) মো. আবদুল মান্নান পাটোয়ারী। এ সময় ব্যবসায়ীরা মূসক বিষয়ে নানা প্রশ্ন করেন।বক্তারা বলেন, পরপর তিনবার চট্টগ্রামের ভ্যাট কমিশনারেট সারা দেশের মধ্যে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি দেখিয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতার কারণে লক্ষ্যমাত্রার অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।