এনবিআরের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে খোদ এনবিআর। গতকাল বৃহস্পতিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) চিঠি দিয়ে সব ব্যাংকের কাছে গোলাম হোসেনের যাবতীয় ব্যাংক হিসাব চেয়েছে। এর পাশাপাশি তাঁর স্ত্রী জাকিয়া মনসুর হোসেনের যাবতীয় ব্যাংক হিসাবও চাওয়া হয়েছে।
২০০৭ সালের জুলাই মাস থেকে হালনাগাদ পর্যন্ত এ দুজনের নামে থাকা যেকোনো ধরনের মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাবের তথ্য আগামী ২৪ নভেম্বরের মধ্যে সিআইসিতে সরাসরি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত কর ফাঁকির সন্দেহ হলে যেকোনো করদাতার ব্যাংক হিসাব চাইতে পারে সিআইসি।
এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম হোসেন প্রথম আলোকে জানান, এনবিআর চেয়ারম্যানও যে স্বচ্ছতা ও জবাবদিহির বাইরে নন, সে কারণেই তাঁর ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানের ব্যাংক হিসাব চাওয়ার উদ্যোগটি যৌক্তিক। এটি নিয়মিত চর্চার মধ্যে আনা উচিত। তবে চেয়ারম্যানের ব্যাংক হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করলে ভালো হবে।’