এনবিআরের সাবেক সদস্য নাসিরকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধিবহির্ভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি আমদানির অনুমোদন দিয়ে সরকারের ৩৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার বিকেল চারটা থেকে প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই এয়ারলাইনসকে বিধিবহির্ভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানির অনুমোদন দিতে সুপারিশ করেন নাসির উদ্দিন। ২০১৪-১৫ অর্থবছরে রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার ও ল্যান্ড রোভার মডেলের একটি করে গাড়ি আমদানির মাধ্যমে সরকারের ৩৪ কোটি টাকার বেশি ক্ষতি হয়।