এনসিটিবি এখন শুদ্ধিপত্র প্রকাশ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুলে ভরা পাঠ্যবই
ভুলে ভরা পাঠ্যবই

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শুদ্ধিপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এ কাজ।১১ ও ১২ সেপ্টেম্বর প্রথম আলোয় পাঠ্যবইয়ের ভুলত্রুটি নিয়ে দুই পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ নির্দেশ দেন বলে গতকাল তথ্য বিবরণীতে জানানো হয়। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, পত্রিকায় এসব প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ কাজে জড়িত ব্যক্তিদের সম্পর্কে এবং ভুলত্রুটির বিষয়ে মোটামুটি ধারণা পাওয়া গেছে। তিনি আরও বলেন, দেশের জ্ঞানী-গুণী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব কাজ করেছেন। এঁদের মধ্যে মাত্র একজন অধ্যাপক ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার স্বার্থে জনকল্যাণমূলক এ কাজের জন্য সম্মানির বিষয়টি ততটা গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়। সম্মানির পরিমাণ যা দেওয়া হয়, তা যথেষ্ট নয়—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার স্বার্থে এবং শিক্ষার্থীদের কথা ভেবে কাজটি দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতার সঙ্গেই করা উচিত ছিল।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, পাঠ্যবইয়ের এসব ভুল সংশোধনের ক্ষেত্রে বিলম্ব ও গাফিলতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই দিনে প্রথম আলোয় এ-সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে এসব ভুলত্রুটি সংশোধনের। এর পাশাপাশি যেসব ব্যক্তি নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, তাঁদের চিহ্নিত করারও দাবি উঠেছে।

শিক্ষামন্ত্রী এই সমালোচনাকে গঠনমূলক উল্লেখ করে বলেন, প্রথম আলোর এসব প্রতিবেদন প্রয়োজন ছিল। এর মাধ্যমে বেশ কিছু অজানা বিষয় মন্ত্রণালয়ের নজরে এসেছে, যা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ভুলত্রুটি দেখিয়ে দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। এর আগে এনসিটিবিকে কয়েক দফা বলা সত্ত্বেও ভুলত্রুটি কেন সংশোধন হয়নি এবং কার দায়দায়িত্ব কতটুকু ছিল, তা খুঁজে দেখা হবে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে দেশের প্রতিটি স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে শুদ্ধিপত্র পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির ওয়েবসাইটেও সংশোধনী প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান শফিকুর রহমান জানান, গতকাল থেকেই শুদ্ধিপত্র প্রকাশের কাজ শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এনসিটিবি এবার ১৭ বছর পর জাতীয় শিক্ষানীতির আলোকে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করেছে। সে অনুযায়ী, ২০১৩ সালে পরীক্ষামূলক সংস্করণের পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ শিক্ষাক্রম ও পাঠ্যবই প্রণয়ন করেছেন। স্বল্প সময়ে যুগোপযোগী করতে গিয়ে কিছু ক্ষেত্রে তথ্য ও বানানগত ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। এনসিটিবি ভুল সংশোধন করে এবং পাঠ্যবইয়ের উপযোগিতা যাচাই ও যৌক্তিক মূল্যায়ন-সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। এ জন্য ছয় মাসব্যাপী কার্যক্রম চলবে।