এনসিটিবি বিক্রির বই ছাপবে না
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার বিক্রির জন্য কোনো বই ছাপাবে না। ফলে অননুমোদিত কিন্ডারগার্টেনসহ যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আগে এনসিটিবির কাছ থেকে বই কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করত, সে সুযোগ থাকছে না। তবে যেকোনো পর্যায়ের অনুমোদিত বিদ্যালয় বিনা মূল্যে বই পাবে।গতকাল বুধবার বিকেলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বিনা মূল্যের বই বিতরণ ও সমন্বয়ের জন্য গঠিত জাতীয় কমিটির সর্বশেষ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, যারা এখনো বিনা মূল্যের শতভাগ বই পায়নি, তারা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন বলেন, এবার মূল্যের বই ছাপানো হবে না। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যেকোনো পর্যায়ের অনুমোদিত বিদ্যালয় বিনা মূল্যে বই পাবে।তাহলে অধিকাংশ কিন্ডারগার্টেনসহ যেসব বিদ্যালয় অননুমোদিত, সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের কী হবে—এমন প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান বলেন, ‘কেউ যদি বাসার ভেতর স্কুল করে কিছু শিক্ষার্থী পড়ায়, সেটা তো আমরা দেখতে পারব না। আমরা তো অনুমোদন পাওয়া সব বিদ্যালয়কেই বিনা মূল্যে বই দিচ্ছি।’ তিনি জানান, ইংরেজি সংস্করণসহ অনুমোদিত সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি মাস শেষ হওয়ার আগে বই পেয়ে যাবে।সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বেশির ভাগ বই শিক্ষার্থীরা পেয়ে গেছে। হয়তো কোথাও কোথাও একটা-দুটো্র বই শিক্ষার্থীরা পায়নি। সেটাও এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। তবে এ জন্য বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কারণ, জানুয়ারি মাসে সাধারণত সব বিদ্যালয়ে সব ক্লাস হয় না। বই ছাপার কাজ দেরিতে শুরু করা এবং মনিটরিংয়ের কাজে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সঠিক দায়িত্ব পালন না করার কারণেই কিছু সমস্যা হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, এবার মনিটরিংয়ের কাজে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশই দায়িত্বশীলতার পরিচয় দেননি। সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক কফিল উদ্দিন, আজিজ আহমেদ চৌধুরী প্রমুখ।