এনসিটিবিকে ছাড়াই সহায়ক বই প্রকাশের দাবি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদন ছাড়াই স্বাধীনভাবে সহায়ক বই প্রকাশ ও বাজারজাতের দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এ জন্য তারা প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা ও উপধারা সংশোধনের দাবি জানিয়েছে। একই সঙ্গে এ দাবিতে তারা সারা দেশে দুই দিন বইয়ের দোকান (লাইব্রেরি) বন্ধ রাখাসহ কয়েকটি কর্মসূচিও দিয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন।
নেতারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনের মাধ্যমে সহায়ক গ্রন্থ প্রকাশ বন্ধ হয়ে যাবে। ফলে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সমিতির সভাপতি আলমগীর সিকদার। তিনি বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনে নোট ও গাইড বইয়ের যে সংজ্ঞা দেওয়া আছে, সেটাও বাস্তবসম্মত নয়। এ জন্য নোট ও গাইড বইয়ের সংজ্ঞা এবং এর পরিপ্রেক্ষিতে শাস্তির যে ধারা আছে, তা বাতিল করতে হবে।
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সমিতির সহসভাপতি শ্যামল পাল। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ এপ্রিল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ। সেখানে দুপুর পর্যন্ত অবস্থান করে শেষে পদযাত্রা করে সচিবালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। একই সঙ্গে সারা দেশের শহীদ মিনারে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। ওই দিন সারা দেশে বইয়ের দোকান (লাইব্রেরি) বন্ধ থাকবে।
এরপর ১৮ এপ্রিল জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। সেদিনও বইয়ের দোকান বন্ধ থাকবে। এরপর দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।