এনসিটিবির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে অনিয়মের অভিযোগ করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান বিশেষ ছয়টি প্রতিষ্ঠানকে ইবতেদায়ি ও দাখিলস্তরের বই ছাপার কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করে দরপত্র আহ্বান করেছেন। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মুদ্রণ শিল্প সমিতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। কমিটি এনসিটিবির চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য সাংসদ শাহ আলমকে আহ্বায়ক এবং হুইপ মির্জা আজম ও কাজী ফারুক কাদেরকে সদস্য করে উপকমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে উপকমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, এনসিটিবি যে দরপত্র আহ্বান করেছে, তাতে একতরফাভাবে কয়েকটি প্রতিষ্ঠান লাভবান হবে এবং বেশির ভাগ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সে জন্য কমিটি বর্তমান দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে মুদ্রণ শিল্প সমিতি অভিযোগে করেছে, এনসিটিবির দরপত্রে ওয়েব প্রিন্টার্সের মাধ্যমে বই ছাপানোর কথা বলা হয়েছে। এই শর্তের কারণে অনেক প্রতিষ্ঠানের পক্ষে দরপত্রে অংশ নেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ওয়েব প্রিন্টার্স একটি আধুনিক প্রযুক্তি। এনসিটিবির দরপত্রের শর্ত অনুযায়ী এই মেশিন যাঁদের আছে, তাঁরা দরপত্রে অংশ নিতে পারবেন। যথাসময়ে বই ছাপা এবং বিতরণের কাজ শেষ করার জন্য এই শর্ত আরোপ করা হয়েছে। বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়নি বলে জানান তিনি। এদিকে পাঠ্যপুস্তক মুদ্রণে ঘোষিত দরপত্র বাতিল করে সমিতির চার দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। সমিতির দাবি হচ্ছে, ইবতেদায়ি ও দাখিলস্তরের দরপত্র বাতিল করে আগের মতো মুদ্রণ, বাঁধাই ও পরিবহনের দরপত্র আহ্বান করতে হবে। সমিতি আন্তর্জাতিক দরপত্র বাতিল করে স্থানীয় দরপত্র আহ্বান করারও দাবি জানিয়েছে। একই সঙ্গে ১৯৭৩ সালের প্রিন্টিং অধ্যাদেশ অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান ছাড়া অন্য ব্যবসায়ীদের পাঠ্যবই মুদ্রণে অংশগ্রহণের সুযোগ বন্ধ করার দাবি জানিয়েছে সমিতি।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কাগজ ব্যবসার সঙ্গে জড়িত একটি মহল আন্তর্জাতিক দরপত্র বাতিল করে ব্যবসায়িক সুবিধা পেতে চায়। ওই ব্যবসায়িক মহলটি নিজেদের স্বার্থে সুষ্ঠুভাবে চলমান একটি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সুফল পাওয়া এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে ওই সূত্রটি জানায়, দুই বছর ধরে সময়মতো শিক্ষার্থীরা বই পাচ্ছে। তাই আগের পদ্ধতিতে ফিরে গেলে সময়মতো শিক্ষার্থীদের বই পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে, একশ্রেণীর মুদ্রাকর ও প্রকাশকের হাতে সরকার বা মন্ত্রণালয় জিম্মি হয়ে পড়বে।