বিনা মূল্যের পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তি নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে গতকাল সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁরা হলেন এনসিটিবির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খান।
এ ছাড়া পাঠ্যপুস্তকে ভুলত্রুটি নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ও এনসিটিবির একাধিক সূত্র বলেছে, লানা হুমায়রা খানের কারণেই তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা বই’-এ ‘আদর্শ ছেলে’ কবিতাটি ভুলভাবে ছাপা হয়েছে। প্রীতিশ কুমার সরকারকে অভিযুক্ত করা হয়েছে প্রধান সম্পাদক হিসেবে। গতকাল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠ্যপুস্তকে ভুলত্রুটির জন্য প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই দুই কর্মকর্তার ওপর ভুলের দায় বর্তায়। এখন পূর্ণাঙ্গ তদন্তে কার কী দায় ছিল, তা চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ রকম পরিস্থিতিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চলতি বছরের পাঠ্যবইয়ে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থাকায় এবং বর্ণ শেখাতে অসংলগ্ন উদাহরণ দেওয়ায় বিতর্কের মুখে পড়েছে এনসিটিবি। কয়েকটি পাঠ্যপুস্তক থেকে আলোচিত কিছু গল্প-কবিতা বাদ দেওয়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, এর মাধ্যমে পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।
প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’-এর ১১ নম্বর পৃষ্ঠায় একটি ছবিতে দেখা যায়, একটি ছাগল গাছ থেকে আম খাচ্ছে। আবার তৃতীয় শ্রেণির একটি বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা হয়েছে DO NOT HEART ANYBODY। এখানে আঘাত বোঝাতে চাইলেও বানানটি ভুল হয়েছে। আবার প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’-এ ‘ও’ বর্ণ শেখাতে ওড়নার উদাহরণ দেওয়া হয়েছে। আরও অনেক ভুল ধরা পড়েছে। বাদ দেওয়া হয়েছে হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাসহ আলোচিত কিছু গল্প-কবিতা। বাদ পড়া বিষয়গুলো একটি বিশেষ মহলের দাবির সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যাওয়ায় বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে।