‘পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ, অর্থ লোপাটের পাঁয়তারা’
এনসিটিবির ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
‘পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ, অর্থ লোপাটের পাঁয়তারা’ শিরোনামে ২৫ জুলাই প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষ। তাতে বলা হয়, সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি পাঠ্যপুস্তকে নিম্নমানের কাগজ ব্যবহারের প্রমাণ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) থেকে কাগজ পরীক্ষার যে দাবি করেছে, তা বাস্তবসম্মত নয়।
এনসিটিবির গুদাম থেকে কাগজ পরীক্ষার জন্য মুদ্রণ শিল্প সমিতির কাছে হস্তগত হওয়ার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে কাগজের জিএসএম ৬৪ শতাংশের মধ্যে থাকার কথা বলা হয়েছে। দরপত্র নির্দেশিকা অনুযায়ী, ৪ শতাংশ কম বা বেশি ৬০ জিএসএম (অর্থাৎ ৫৭ দশমিক ৬ থেকে ৬২ দশমিক ৪) পর্যন্ত গ্রহণযোগ্য।
কাগজের মান নিশ্চিতকরণের লক্ষ্যে বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক)-এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দরপত্র নির্দেশিকা ও সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী মুদ্রণ শিল্প সমিতির কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করে এ ধরনের পরিদর্শন টিম গঠন করার সুযোগ নেই।
এ ছাড়া মুদ্রণ ও কাগজের মান যাচাইয়ের জন্য পরিদর্শন এজেন্ট নিয়োগ এবং তাদের পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবির ছয়জন কর্মকর্তার সমন্বয়ে পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: কাগজের জিএসএম-সংক্রান্ত এনসিটিবির বক্তব্য সঠিক। তবে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতাদের মূল অভিযোগ ছিল, দরপত্রের শর্তানুযায়ী কাগজের উজ্জ্বলতা (ব্রাইটনেস) ৮০ শতাংশ থাকা বাঞ্ছনীয়। কিন্তু তা আছে ৬৭ দশমিক ৭৮ শতাংশ। আর ব্যবহৃত কাগজ কতখানি মজবুত, তার নির্দেশনাকারী ‘বার্স্টিং ফ্যাক্টর’ যেখানে ন্যূনতম ১২ শতাংশ থাকার কথা, তা আছে ৮ দশমিক ৫৮ শতাংশ।
‘উডফ্রি পাল্পের’ স্থলে রয়েছে ‘রিসাইকেল পাল্প’। এই নিম্নমানের কাগজ দিয়ে ২০১৪ শিক্ষাবর্ষে ৩০ কোটি বই ছাপিয়ে প্রায় ৮৪ কোটি টাকা লোপাট করা হয়েছে।
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতাদের দাবি, এবারও একই তৎপরতা চলছে, এ কারণে তাঁরা জাতীয় স্বার্থে এনসিটিবির গুদাম থেকে নমুনা সংগ্রহ করে বিসিএসআইআর থেকে পরীক্ষা করিয়ে তার ফল সংবাদ সম্মেলন করে উপস্থাপন করেছেন।
২০১০ সালে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতি এবং মুদ্রণ শিল্প সমিতির সমন্বয়ে পর্যবেক্ষণ দল গঠন করার উদাহরণ দিয়ে মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক এ এফ এম শাহ আলম বলেন, এবারও মাননিয়ন্ত্রণের স্বার্থে এটা করতে আইনি বাধা নেই।